প্রতিষ্ঠার দীর্ঘ ৪৯ বছর পর অবশেষে নিজস্ব খেলার মাঠ পেতে যাচ্ছে শেরপুরের বেলগাছী মুসতি দেওয়ান দালিক মাদ্রাসা। স্থানীয় সংসদ সদস্য (বগুড়া-৫) গোলাম মো. সিরাজ এবং বিসিবি মিডিয়া পরিচালক আসিফ সিরাজ রব্বানীর অক্লান্ত প্রচেষ্টা ও সুঘাট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু হাসানের সার্বিক সহযোগিতায় এ স্বপ্নের বাস্তবায়ন ঘটেছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় মাদ্রাসার দক্ষিণ পাশে অবস্থিত ২ বিঘা জমিতে সরকারি প্রকল্পের মাধ্যমে মাঠ সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দীর্ঘ পাঁচ দশক পর শিক্ষার্থীদের খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরি হওয়ায় স্থানীয় বাসিন্দা, শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুঘাট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু হাসান, মাদ্রাসার সাবেক শিক্ষক ফারুক, সুঘাট ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম রব্বানী বুল, সিনিয়র সহ-সভাপতি শেখ ফরিদ, সাধারণ সম্পাদক কে এম মানিক এবং ইউপি সদস্য মাসুদ রানা। এছাড়াও ওয়ার্ড বিএনপি নেতা শামসুল হক, সোহেল রানা, জামি, জাহিদ হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকেরা এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। প্রতিষ্ঠার দীর্ঘ সময় পর মাঠটি সংস্কার হওয়ায় মাদ্রাসার পড়াশোনার পরিবেশ আরও প্রাণবন্ত হবে। কাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করতে স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয়।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর