তপ্ত মরুভূমির বুকে চারপাশে যতদূর চোখ যায় শুধু বালু আর বালু। প্রচণ্ড রোদের উত্তাপ উপেক্ষা করে সেই নির্জন প্রান্তরেই সিজদায় অবনত এক যুবক। স্রষ্টার প্রতি গভীর ভালোবাসা ও আনুগত্যের এই দৃশ্য ইতোমধ্যে মানুষের হৃদয় ছুঁয়ে গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিস্তীর্ণ মরুভূমির মধ্যে এক যুবক নামাজ আদায় করছেন। চারপাশে নেই কোনো ছায়া, নেই মানুষের কোলাহল। মাথার ওপর প্রখর সূর্যের তাপ, পায়ের নিচে উত্তপ্ত বালু। এর মধ্যেই তিনি স্রষ্টার সামনে নিজেকে সমর্পণ করে সিজদায় অবনত হন।
ভিডিওটির দৃশ্য অনেকের কাছেই ধর্মীয় অনুভূতি ও আত্মিক প্রশান্তির প্রতীক হয়ে উঠেছে। প্রকৃতির কঠিন পরিবেশ কিংবা প্রতিকূল পরিস্থিতি—কোনো কিছুই স্রষ্টার প্রতি তাঁর ভালোবাসা ও ইবাদতের আকাঙ্ক্ষাকে থামাতে পারেনি- এমন মন্তব্য করছেন অনেকে।
মরুভূমির উত্তপ্ত বালুর ওপর সিজদারত ওই যুবকের দৃশ্যটি মানুষের মনে করিয়ে দিচ্ছে, ইবাদতের জন্য সবসময় অনুকূল পরিবেশের প্রয়োজন হয় না; বিশ্বাস ও ভালোবাসা থাকলে প্রতিকূলতার মধ্যেও মানুষ তার স্রষ্টার কাছে নিজেকে সমর্পণ করতে পারে।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকে ওই যুবকের ইবাদতের প্রতি নিষ্ঠা ও একাগ্রতার প্রশংসা করছেন। অনেকের কাছে এটি হয়ে উঠেছে বিশ্বাস, ভালোবাসা ও আত্মসমর্পণের এক হৃদয়স্পর্শী দৃশ্য।
সাজু/নিএ
সর্বশেষ খবর