বাস মালিকদের দ্বন্দ্বের জেরে রাজশাহী-নাটোর রুটে সব বাস চলাচল বন্ধ রয়েছে। তবে অন্যান্য জেলার বাসগুলো নাটোর হয়ে রাজশাহী রুটে স্বাভাবিকভাবে চলাচল করছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর থেকে এ অচলাবস্থা সৃষ্টি হয়। বিকেল পর্যন্তও দুই পক্ষের মধ্যে বিরোধের কোনো সমাধান হয়নি।
নাটোরের পরিবহণ শ্রমিকরা জানান, রাব্বি পরিবহণের একটি বাস চলাচলকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে রাজশাহী বাসস্ট্যান্ডে আরপি রোকেয়া ও তুহিন পরিবহণের শ্রমিকদের সঙ্গে রাজশাহীর শ্রমিকদের মারামারি হয়।
নাটোর পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বলেন, ঘটনার পর রাজশাহীর মালিকের একটি বাস নাটোরে আটকে রাখা হলেও পরে সেটি ছেড়ে দেওয়া হয়। কোনো শ্রমিককে মারধর করা হয়নি বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য, শুধু নাটোর ও রাজশাহীর মালিকদের বাস এ রুটে চলাচল বন্ধ রয়েছে। অন্যান্য জেলার বাস চলাচল স্বাভাবিক আছে। ঘটনার বিচার না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
নাটোর বাস মালিক সমিতির সভাপতি লক্ষণ পোদ্দার বলেন, রাব্বি পরিবহণের একটি বাস নিয়ম না মেনে রাজশাহী থেকে নাটোর হয়ে আলমডাঙ্গা রুটে চলাচলের উদ্যোগ নেয়। বাসটি চলাচলে নাটোর মালিক সমিতি সম্মতি না দেওয়ায় বৃহস্পতিবার রাতে রাজশাহীর পক্ষ থেকে নাটোরের তুহিন পরিবহণ, আরপি নাইচ পরিবহণসহ নয়টি বাস যাত্রীসহ আটকে রাখা হয়। এ সময় শ্রমিকদের মারধর করা হয় বলেও তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, এরপর থেকেই নাটোরের ওপর দিয়ে রাজশাহী মালিকদের কোনো বাস চলাচল করতে দেওয়া হচ্ছে না। একইভাবে নাটোরের মালিকদের বাসও রাজশাহীতে যাচ্ছে না। তবে ঢাকাগামী সব বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
অন্যদিকে, রাজশাহী পরিবহণ শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক ও রাব্বি পরিবহণের মালিক রজব আলী বলেন, জনদুর্ভোগ এড়াতে রাজশাহী থেকে আলমডাঙ্গা রুটে রাব্বি পরিবহণ চালানোর বিষয়ে নাটোর মালিক সমিতিকে জানানো হয়েছিল। কিন্তু তারা অসৌজন্যমূলক আচরণ করে।
তিনি দাবি করেন, পরে রাতে নাটোরে রাব্বি পরিবহণের একটি বাস আটকে এর শ্রমিককে মারধর করা হয়। এ খবর পাওয়ার পর রাজশাহীতে নাটোরের বাসগুলো আটকে রাখা হয়। তবে নাটোরের কোনো শ্রমিককে মারধরের ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর