আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। তার অবসরে গোটা ফুটবল বিশ্বেই তৈরি হয়েছে অপূরণীয় এক শূন্যতা। তবে আর্জেন্টিনার জন্য এই শূন্যতা আরও বড়। মেসির বিদায়ের সঙ্গে সঙ্গে একাধিক প্রশ্নের উত্তর খুঁজতে হচ্ছে বিশ্বচ্যাম্পিয়নদের—কে হবেন নতুন অধিনায়ক, কে পরবেন ১০ নম্বর জার্সি, আর কে সামলাবেন দলের নেতৃত্বের বড় দায়িত্ব?
এরই মধ্যে প্রথম প্রশ্নের উত্তর মিলেছে। ইএসপিএন আর্জেন্টিনার প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, মেসির উত্তরসূরি হিসেবে আর্জেন্টিনার অধিনায়কত্ব পেতে যাচ্ছেন ক্রিশ্চিয়ান ‘কুতি’ রোমেরো।
টটেনহাম হটস্পারের এই ডিফেন্ডার এতদিন মেসি ও নিকোলাস ওতামেন্দির পর দলের তৃতীয় পছন্দের অধিনায়ক ছিলেন। মেসির অবসরের পর প্রধান কোচ লিওনেল স্কালোনি ও সতীর্থদের সমর্থনে স্থায়ীভাবে অধিনায়কত্বের দায়িত্ব তার কাঁধে উঠতে যাচ্ছে।
কেন রোমেরোকেই বেছে নেওয়া হচ্ছে
আর্জেন্টিনা দলে রোমেরোর প্রভাব গত কয়েক বছরে ক্রমেই বেড়েছে। ড্রেসিংরুমে তিনি অন্যতম সোচ্চার কণ্ঠস্বর হিসেবে পরিচিত। মাঠে তার আক্রমণাত্মক খেলার ধরন, দৃঢ়তা এবং নেতৃত্বগুণ তাকে স্কালোনির দলের গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত করেছে।
মেসির অনুপস্থিতিতে আগেও একাধিকবার অধিনায়কের বাহুবন্ধনী পরেছেন রোমেরো। ফলে দল পরিচালনার অভিজ্ঞতাও রয়েছে তার। এসব কারণেই তাকে মেসির পর স্বাভাবিক উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
রোমেরোর নেতৃত্বের প্রশংসা করেছেন মেসি নিজেও। আর্জেন্টিনার রক্ষণে তার প্রভাবকে মেসি ‘অসাধারণ’ হিসেবে উল্লেখ করেছিলেন। মেসির এই স্বীকৃতিও রোমেরোর নেতৃত্বের দাবিকে আরও শক্তিশালী করেছে।
সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ
স্কালোনির অধীনে আর্জেন্টিনার সাম্প্রতিক সাফল্যের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য রোমেরো। ২০২১ সালে কোপা আমেরিকা জয়ের মাধ্যমে দীর্ঘ ২৮ বছরের শিরোপা-খরা কাটায় আর্জেন্টিনা। এরপর ২০২২ সালে কাতার বিশ্বকাপ এবং ২০২৪ সালের কোপা আমেরিকাও জেতে তারা।
এরপর ২০২৬ বিশ্বকাপের ফাইনালেও ওঠে আর্জেন্টিনা। তবে ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়। এই সাফল্যের পুরো যাত্রায় রোমেরো ছিলেন দলের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার।
মেসির অবসরের মধ্য দিয়ে ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারেরও ইতি ঘটেছে। ফলে দীর্ঘদিনের সফল একটি দলের নেতৃত্বের ভার এখন নতুন প্রজন্মের খেলোয়াড়দের হাতে তুলে দেওয়ার সময় এসেছে।
মেসির মতো নেতৃত্ব নয়
রোমেরোকে এগিয়ে রাখার আরেকটি বড় কারণ তার বয়স। সবকিছু ঠিক থাকলে ২০৩০ বিশ্বকাপ এবং তার পরের চক্রেও তিনি আর্জেন্টিনাকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন। দলের বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় যখন আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ প্রান্তে পৌঁছাবেন, তখন রোমেরোর নেতৃত্ব দলকে ধারাবাহিকতা দিতে পারে।
তবে মেসির সঙ্গে রোমেরোর নেতৃত্বের ধরনে বড় পার্থক্য থাকবে বলেই ধারণা করা হচ্ছে। মেসি ছিলেন তুলনামূলকভাবে শান্ত ও সংযত নেতা। বিপরীতে রোমেরো মাঠে অনেক বেশি সোচ্চার, আক্রমণাত্মক এবং সতীর্থদের কাছ থেকে সরাসরি দাবি আদায় করতে অভ্যস্ত।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এখনো আনুষ্ঠানিকভাবে নতুন অধিনায়কের নাম ঘোষণা করেনি। তবে আর্জেন্টাইন সংবাদমাধ্যমের ধারাবাহিক প্রতিবেদনে রোমেরোকেই মেসির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তুলে ধরা হচ্ছে।
মেসির জায়গা পূরণ করা যে কারও জন্যই প্রায় অসম্ভব। তবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা নতুন অধ্যায়ে এমন একজন ডিফেন্ডারের হাতে নেতৃত্ব তুলে দিতে যাচ্ছে, যিনি এরই মধ্যে ড্রেসিংরুমের অন্যতম প্রভাবশালী কণ্ঠস্বর হয়ে উঠেছেন। এখন বড় চ্যালেঞ্জ হবে—মেসি-পরবর্তী যুগে সেই নেতৃত্ব দিয়ে আর্জেন্টিনার সাফল্যের ধারাবাহিকতা কতটা ধরে রাখতে পারেন রোমেরো।
কুশল/সাএ
সর্বশেষ খবর