যুক্তরাষ্ট্রের কর্মসংস্থানের তথ্য প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণসহ অন্যান্য মূল্যবান ধাতুর দামে বড় পতন হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) এক দিনের লেনদেনে স্বর্ণের পাশাপাশি রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও কমেছে।
বার্তা সংস্থা রয়টার্সের বাজার বিশ্লেষণ অনুযায়ী, শুক্রবার স্পট গোল্ডের দাম ১ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪১৯ দশমিক ০৯ ডলারে নেমে আসে। কর্মসংস্থানের তথ্য প্রকাশের পর একপর্যায়ে স্বর্ণের দাম ২ শতাংশের বেশি কমে দিনের সর্বনিম্ন ৪ হাজার ৩৬৪ দশমিক ৯৯ ডলারে নেমেছিল।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রে ডিসেম্বর ডেলিভারির গোল্ড ফিউচারের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৭৬ দশমিক ৬০ ডলারে লেনদেন শেষ করেছে।
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান পরিস্থিতি এবং সুদের হার নিয়ে বিনিয়োগকারীদের প্রত্যাশার পরিবর্তন স্বর্ণের দামে চাপ তৈরি করেছে। সাধারণত সুদের হার বাড়ার সম্ভাবনা তৈরি হলে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ কিছুটা কমে যায়। ফলে বিনিয়োগকারীদের একটি অংশ স্বর্ণ বিক্রি করে সুদনির্ভর সম্পদে বিনিয়োগের দিকে ঝুঁকতে পারেন।
শুক্রবারের দরপতনে রুপার দামও উল্লেখযোগ্যভাবে কমেছে। স্পট রুপার দাম ১ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৬৫ দশমিক ৮৩ ডলারে নেমেছে।
এ ছাড়া স্পট প্লাটিনামের দাম দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৮১০ দশমিক ৯৬ ডলারে দাঁড়িয়েছে। প্যালাডিয়ামের দাম কমেছে আরও বেশি—২ দশমিক ৫ শতাংশ। ফলে ধাতুটির দাম প্রতি আউন্স ১ হাজার ৩৮৫ দশমিক ৫০ ডলারে নেমে এসেছে।
শুক্রবারের দরপতনের ফলে চারটি মূল্যবান ধাতুই সাপ্তাহিক হিসাবেও লোকসানের দিকে রয়েছে। বাজারে সুদের হার নিয়ে প্রত্যাশা, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতি এবং মূল্যবান ধাতুগুলোর চাহিদার পরিবর্তন এ দরপতনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করা হচ্ছে।
আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন তথ্য প্রকাশের পর মূল্যবান ধাতুর বাজারের গতিপথ আরও স্পষ্ট হতে পারে। বিনিয়োগকারীরা বিশেষ করে মূল্যস্ফীতির তথ্যের দিকে নজর রাখছেন, কারণ এর ওপর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের ভবিষ্যৎ সুদের হারসংক্রান্ত সিদ্ধান্তের ইঙ্গিত পাওয়া যেতে পারে।
সূত্র: রয়টার্স
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর