অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বেশিরভাগ সদস্য দেশে ফিরলেও ছুটি কাটাতে অস্ট্রেলিয়াতেই অবস্থান করছেন পেসার তাসকিন আহমেদ। পরিবারকে সঙ্গে নিয়ে সেখানে অবসর সময় উপভোগ করছেন তিনি।
ছুটির সময় অস্ট্রেলিয়ায় বাংলাদেশের সাবেক প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গেও দেখা করেন তাসকিন। নিউ সাউথ ওয়েলসে কোচিং কার্যক্রমে যুক্ত হাথুরুসিংহের সঙ্গে তোলা একটি ছবি শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন তিনি।
এর একদিন পর শনিবার আরেকটি ছবি প্রকাশ করেন টাইগার এই পেসার। এবার তার সঙ্গে দেখা যায় ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় সাবেক নায়িকা শাবনূরকে।
বর্তমানে পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন শাবনূর। সেখানে তাসকিন ও তার পরিবারকে নিজের ভাইয়ের বাসায় আমন্ত্রণ জানান তিনি। একসঙ্গে সময় কাটানোর পাশাপাশি অতিথিদের জন্য বিশেষ আপ্যায়নের ব্যবস্থাও করেন জনপ্রিয় এই অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমে শাবনূরের সঙ্গে তোলা ছবি প্রকাশ করে তাসকিন জানান, সন্ধ্যাটি ছিল দারুণ উপভোগ্য। বারবিকিউ আয়োজন তাদের সময়কে আরও আনন্দময় করে তোলে। একই সঙ্গে শাবনূর ও তার পরিবারের আন্তরিক আতিথেয়তার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন বাংলাদেশ দলের এই তারকা পেসার।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর