বগুড়ার শেরপুর উপজেলায় একটি বসতবাড়ির বারান্দার গ্রিল কেটে ভেতরে ঢুকে বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোমবার সকালে ভুক্তভোগী কামাল পাশা (৪৩) বাদী হয়ে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর রাত থেকে ৫ সেপ্টেম্বর রাতের কোনো এক সময়ে উপজেলার সুঘাট ইউনিয়নের আওলাকান্দি গ্রামে এ চুরির ঘটনা ঘটে। আওলাকান্দি গ্রামের বাসিন্দা কামাল পাশা চাকরির সুবাদে ঢাকায় অবস্থান করেন। গ্রামের বাড়িতে তাঁর বৃদ্ধ বাবা-মা বসবাস করেন। ৪ সেপ্টেম্বর রাতে খাবার খেয়ে তাঁরা ঘুমিয়ে পড়েন। পরদিন ৫ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে ঘরের ভেতর শব্দ পেয়ে কামাল পাশার বাবা জেগে ওঠেন এবং চোরদের দেখতে পান। তিনি ডাক-চিৎকার শুরু করলে চোরেরা দ্রুত পালিয়ে যায়।
পরে তল্লাশি চালিয়ে দেখা যায়, দুষ্কৃতকারীরা বারান্দার গ্রিল কেটে ভেতরে ঢুকে স্টিলের বাক্স, ওয়ারড্রব ও আলমিরা ভেঙে নগদ ১২ লাখ টাকা এবং ২ ভরি ৭ আনা স্বর্ণালংকার লুট করেছে। স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ৫ লাখ ৮৫ হাজার টাকা। সব মিলিয়ে চোরেরা ১৭ লাখ ৮৫ হাজার টাকার মালামাল ও নগদ অর্থ নিয়ে গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে ঘটনা সম্পর্কে জানতে পারে।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর