• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৭ মিনিট পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৭ দুপুর

পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন, কোন গ্রেডে কত

ফাইল ফটো

নতুন পে স্কেলে সরকারি কর্মচারীদের বাড়িভাড়া ভাতার হারেও পরিবর্তন আনা হচ্ছে। এ জন্য গ্রেড ও এলাকাভেদে বাড়িভাড়া ভাতার চারটি নতুন হার নির্ধারণ করা হয়েছে। জাতীয় বেতন কমিশন ২০২৫-এর প্রস্তাব পর্যালোচনা করে কিছুটা সংশোধন এনেছে সচিব কমিটি। এরপর বাড়িভাড়া ভাতার নতুন হারসহ সমন্বিত চূড়ান্ত সুপারিশ প্রস্তুত করা হয়েছে।

সচিব কমিটির সূত্র জানিয়েছে, নতুন পে স্কেলে মূল বেতন বাড়ার সঙ্গে আগের হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধি করা হলে সরকারি আবাসনের ওপর চাপ বাড়তে পারে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে বেতন কমিশন গ্রেড ও অঞ্চলভেদে বাড়িভাড়া ভাতার নতুন হার প্রস্তাব করেছিল। পরে সেই প্রস্তাব পর্যালোচনা করে কিছুটা পরিবর্তন আনে সচিব কমিটি।

সচিব কমিটির সুপারিশ অনুযায়ী, নতুন স্কেলে বাড়িভাড়া ভাতার হার হবে—

১৬তম থেকে ২০তম গ্রেড: ঢাকা সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ৬০ শতাংশ, অন্যান্য বড় শহরে ৫০ শতাংশ এবং দেশের অন্যান্য এলাকায় ৪৫ শতাংশ বাড়িভাড়া ভাতা দেওয়া হবে। অন্যান্য বড় শহরের মধ্যে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, গাজীপুর সিটি করপোরেশন, কক্সবাজার ও সাভার অন্তর্ভুক্ত।

১০ম থেকে ১৫তম গ্রেড: ঢাকা সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ৫০ শতাংশ, অন্যান্য বড় শহরে ৪০ শতাংশ এবং দেশের অন্যান্য এলাকায় ৩৫ শতাংশ বাড়িভাড়া ভাতা পাবেন কর্মচারীরা।

৫ম থেকে ৯ম গ্রেড: ঢাকা সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ৪৫ শতাংশ, অন্যান্য বড় শহরে ৩৫ শতাংশ এবং দেশের অন্যান্য এলাকায় ৩০ শতাংশ বাড়িভাড়া ভাতা দেওয়া হবে।

১ম থেকে ৪র্থ গ্রেড ও তদূর্ধ্ব: ঢাকা সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ৪০ শতাংশ, অন্যান্য সিটি করপোরেশন ও সাভার এলাকায় ৩০ শতাংশ এবং দেশের বাকি এলাকায় ২৫ শতাংশ বাড়িভাড়া ভাতা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে ‘জাতীয় বেতন স্কেল ২০২৬’ অনুমোদন দেওয়া হয়। নতুন কাঠামোতেও আগের মতো ২০টি গ্রেড রাখা হয়েছে।

নতুন পে স্কেলে ১ম থেকে ১১তম গ্রেড পর্যন্ত মূল বেতন ১০০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে ১২তম থেকে ২০তম গ্রেডে মূল বেতন বাড়বে ১১৫ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত।

নতুন কাঠামোয় ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা হয়েছে। আর ১ম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন পে স্কেল চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর বলে গণ্য হবে। তবে বর্ধিত বেতনের আর্থিক সুবিধা একবারে দেওয়া হবে না। তিন ধাপে মূল বেতন সমন্বয় করা হবে। প্রথম ধাপে মূল বেতনের একটি অংশ কার্যকর হবে এবং পরবর্তী দুই ধাপে অবশিষ্ট অংশ সমন্বয় করা হবে।

তবে বাড়িভাড়াসহ অন্যান্য আনুষঙ্গিক ভাতা নতুন হারে কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]