ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় তার সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক। তিনি জানান, বাঁধন বর্তমানে নিরাপদে রয়েছেন। একই সঙ্গে বাংলাদেশের পক্ষের শক্তির ওপর কোথাও হামলা হলে স্থানীয় আইন অনুযায়ী তার ‘দাঁতভাঙা জবাব’ দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব তথ্য জানান কে এম নাজমুল হক।
স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আজমেরী হক বাঁধনের সঙ্গে কথা হয়েছে। তিনি নিরাপদে আছেন।’ পাশাপাশি মিলানে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তাদের সঙ্গেও তার কথা হয়েছে বলে জানান তিনি। কনস্যুলেটের কর্মকর্তাদের সঙ্গে বাঁধনের যোগাযোগও করিয়ে দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন নাজমুল হক।
তিনি আরও জানান, ভেনিসে অবস্থানরত বিএনপির নেতাকর্মীরা হামলাকারীদের শনাক্ত ও তাদের খুঁজে বের করতে ইতালিয়ান পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করবেন। বাংলাদেশ কনস্যুলেটের সহযোগিতায় বুধবার এ ঘটনায় মামলা করা হবে বলেও জানান তিনি।
স্ট্যাটাসে কে এম নাজমুল হক বলেন, ‘বাংলাদেশের পক্ষের কোনো শক্তির ওপর যেখানেই আক্রমণ হোক না কেন, সেখানকার প্রচলিত আইন অনুযায়ী এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’
স্ট্যাটাসের শেষে তিনি লেখেন, ‘সবার আগে বাংলাদেশ।’
এর আগে ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে শারীরিকভাবে লাঞ্ছিত ও হেনস্তার অভিযোগ ওঠে। পরে বাঁধন নিজেই ফেসবুক লাইভে এসে ঘটনার কথা জানান। বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর