• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৩ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৩৫ দুপুর

ক্রসফায়ারে ২ হত্যা, হাসানাত আবদুল্লাহসহ ৪ আসামির ফাঁসি দাবি

ছবি: সংগৃহীত

বরিশালের আগৈলঝাড়ায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার ফুফাতো ভাই ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ চার আসামির মৃত্যুদণ্ড দাবি করেছেন নিহত ছাত্রদল নেতা টিপু হাওলাদারের স্ত্রী সুমা আক্তার।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর একক বেঞ্চে বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীরের সামনে দেওয়া জবানবন্দিতে এ দাবি জানান তিনি। মামলায় ২০ নম্বর সাক্ষী হিসেবে সুমা আক্তারের জবানবন্দি রেকর্ড করা হয়।

জবানবন্দির একপর্যায়ে কান্নাজড়িত কণ্ঠে সুমা আক্তার বলেন, তাঁর দুটি মেয়ে রয়েছে এবং স্বামীকে হত্যার সময় তারা খুবই ছোট ছিল। ভবিষ্যতে দেশে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সে জন্য নিজের ও সন্তানদের পক্ষ থেকে আবুল হাসানাত আবদুল্লাহ, তৎকালীন বরিশালের পুলিশ সুপার (এসপি) একেএম এহসান উল্লাহ এবং গ্রেপ্তার দুই পুলিশ সদস্যের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দাবি করেন তিনি।

এ কথা বলার পর কান্নায় ভেঙে পড়েন সুমা আক্তার।

মামলার অভিযোগ অনুযায়ী, ক্রসফায়ারে নিহত টিপু হাওলাদার ছিলেন আগৈলঝাড়া উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। অপর নিহত কবির মোল্লা ছিলেন আগৈলঝাড়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাংগঠনিক সম্পাদক। প্রসিকিউশনের দাবি, দুজনই আবুল হাসানাত আবদুল্লাহর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিলেন।

মঙ্গলবার সকালে মামলায় গ্রেপ্তার উজিরপুর থানার সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাহাবুল ইসলাম ও এএসআই জসিম উদ্দিনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের উপস্থিতিতেই সুমা আক্তার জবানবন্দি দেন।

রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। তাঁকে সহযোগিতা করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ।

প্রসিকিউশনের অভিযোগ, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে টিপু হাওলাদার ও কবির মোল্লাকে হত্যার পরিকল্পনা করা হয়। পরিকল্পনা বাস্তবায়নে তৎকালীন বরিশালের এসপি একেএম এহসান উল্লাহকে নির্দেশ দেওয়া হয়েছিল।

অভিযোগে বলা হয়েছে, ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি একটি মিথ্যা মামলায় উজিরপুর থানা পুলিশ টিপু ও কবিরকে গ্রেপ্তার করে। পরে এএসআই মো. মাহাবুল ইসলাম ও এএসআই জসিম উদ্দিন তাদের গৌরনদী-গোপালগঞ্জ মহাসড়কের আগৈলঝাড়া বাইপাস সড়কের পাশে নিয়ে যান। সেখানে তাদের ‘ক্রসফায়ারে’ হত্যার ঘটনা সাজানো হয় বলে প্রসিকিউশনের অভিযোগ।

গত ২০ মে আবুল হাসানাত আবদুল্লাহসহ চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

টিপু হাওলাদার ও কবির মোল্লাকে কথিত ক্রসফায়ারে হত্যার ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে আবুল হাসানাত আবদুল্লাহসহ চার আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]