• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৮ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:২৬ দুপুর

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বাংলাদেশের অন্যতম সুপরিচিত নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান নৃত্যাঞ্চল-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ১১ থেকে ১৩ সেপ্টেম্বর তিন দিনব্যাপী বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমি চত্বরে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। এতে নৃত্যাঞ্চলের শিক্ষক, শিক্ষার্থী ও কলাকুশলীদের পাশাপাশি প্রতিষ্ঠানের দুই পরিচালক, বাংলাদেশের বরেণ্য নৃত্যশিল্পী ও নৃত্যপরিচালক শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদ অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে তাঁরা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উৎসবের দ্বিতীয় দিন ১২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় শিশু-কিশোরদের ব্যতিক্রমধর্মী নৃত্যানুষ্ঠান ‘ছড়ায় ছন্দে নৃত্যমালা’। অনুষ্ঠানে প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এ সময় উপস্থিত বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন স্টালিনসহ দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, ব্যবসায়ী ও দর্শনার্থীরা।

অনুষ্ঠানের শুরুতে নুপুর বেঁধে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন স্টালিন, বরেণ্য নৃত্যশিল্পী আমানুল হক, কাজল ইব্রাহিম, লুবনা মারিয়ম, ড. সোমা মুমতাজ, বেলায়েত হোসেন খান ও আনিসুল ইসলাম হিরু এবং নৃত্যাঞ্চলের পরিচালক শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদ। শিশুতোষ ছড়া ও শিক্ষণীয় বিষয়কে উপজীব্য করে নির্মিত ‘ছড়ায় ছন্দে নৃত্যমালা’ দর্শকদের মুগ্ধ করে। ছড়া, ছন্দ, শিক্ষা ও আনন্দের সমন্বয়ে নির্মিত এই ব্যতিক্রমধর্মী পরিবেশনায় নৃত্যাঞ্চলের ৪০০-এর অধিক শিশু-কিশোর শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানটির নৃত্য পরিচালনা করেন শামীম আরা নীপা এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিবলী মোহাম্মদ।

১৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে একই মিলনায়তনে অনুষ্ঠিত হয় রজতজয়ন্তী উৎসবের সমাপনী আয়োজন ‘নৃত্যমালিকা’। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। লোকনৃত্য, সৃজনশীল ও ধ্রুপদি নৃত্যের সমন্বয়ে আয়োজিত ‘নৃত্যমালিকা’য় নৃত্যাঞ্চলের সিনিয়র শিল্পীদের পাশাপাশি ৩০০-এর অধিক শিল্পী অংশগ্রহণ করেন। তাঁদের নান্দনিক ও বৈচিত্র্যময় নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

সমাপনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ নৃত্যজুটি শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদ-এর বিশেষ নৃত্য পরিবেশনা। দীর্ঘ ২৫ বছরের পথচলায় তাঁদের শিল্পসাধনা ও নেতৃত্বে নৃত্যাঞ্চল বাংলাদেশের নৃত্যচর্চায় একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে নিজস্ব অবস্থান তৈরি করেছে। নৃত্যাঞ্চলের দুই পরিচালক এই দীর্ঘ পথচলায় নৃত্যাঙ্গনের নতুন প্রজন্মের শিল্পীদের অনুপ্রেরণা ও দিকনির্দেশনা দিয়ে আসছেন।

সমাপনী দিনে জাতীয় নাট্যশালা মিলনায়তনের দর্শকসারি পরিণত হয় বাংলাদেশের বরেণ্য নৃত্যশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্পানুরাগীদের এক মিলনমেলায়।

রজতজয়ন্তী উৎসব উপলক্ষে ১২ ও ১৩ সেপ্টেম্বর জাতীয় নাট্যশালা মিলনায়তনের লবিতে প্রদর্শিত হয় নৃত্যাঞ্চলের ২৫ বছরের পথচলার বিশেষ প্রদর্শনী। এতে প্রতিষ্ঠার শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত নৃত্যাঞ্চলের বিভিন্ন কর্মকাণ্ড, পরিবেশনা, অর্জন ও স্মরণীয় মুহূর্তের আলোকচিত্র ও বিভিন্ন স্মারক প্রদর্শিত হয়। প্রদর্শনীর মাধ্যমে নৃত্যাঞ্চলের ২৫ বছরের শিল্পসাধনা ও পথচলার গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়।

তিন দিনব্যাপী এই রজতজয়ন্তী উৎসবের মিডিয়া পার্টনার দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল মাছরাঙা টেলিভিশন এবং সহযোগিতায় ছিল শাহ সিমেন্ট। নৃত্য, সংস্কৃতি, সৃজনশীলতা ও নতুন প্রজন্মের শিল্পীদের অংশগ্রহণে নৃত্যাঞ্চলের রজতজয়ন্তী উৎসব দেশের সাংস্কৃতিক অঙ্গনে একটি স্মরণীয় আয়োজন হিসেবে অনুষ্ঠিত হলো।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]