ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় গোয়েন্দা ধারাবাহিক ‘সিআইডি’র স্রষ্টা, প্রযোজক ও পরিচালক ব্রিজেন্দ্র পাল সিং (বিপি সিং) আর নেই।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত।
ভারতীয় সংবাদমাধ্যম -এর প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় টেলিভিশনের অপরাধভিত্তিক ধারাবাহিককে জনপ্রিয়তার নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অন্যতম কারিগর ছিলেন বিপি সিং। বিশেষ করে তাঁর নির্মিত ‘সিআইডি’ দীর্ঘদিন ধরে দর্শকদের কাছে বিপুল জনপ্রিয়তা অর্জন করে।
১৯৯৮ সালে যাত্রা শুরু করা ‘সিআইডি’ ভারতীয় টেলিভিশনের অন্যতম দীর্ঘস্থায়ী ও জনপ্রিয় গোয়েন্দা ধারাবাহিক। মুম্বাইয়ের অপরাধ তদন্ত বিভাগের কর্মকর্তাদের ঘিরে নির্মিত এই সিরিজে রহস্যময় হত্যাকাণ্ড, জটিল অপরাধ, তদন্তের নানা কৌশল এবং অপরাধীদের শনাক্ত করার গল্প তুলে ধরা হতো।
ধারাবাহিকটির আকর্ষণীয় কাহিনি, রহস্যঘেরা ঘটনাপ্রবাহ ও অভিনয়শিল্পীদের দক্ষতায় ভারত ছাড়িয়ে বাংলাদেশের দর্শকদের কাছেও পরিচিত হয়ে ওঠে ‘সিআইডি’।
শুধু প্রযোজনা ও পরিচালনাতেই সীমাবদ্ধ ছিলেন না বিপি সিং। ‘সিআইডি’র বিভিন্ন পর্বে ডেপুটি কমিশনার অব পুলিশ শমশের সিং চিত্রোলের চরিত্রেও অভিনয় করেছিলেন তিনি। ফলে পর্দার আড়ালের পাশাপাশি পর্দাতেও দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন এই নির্মাতা।
অপরাধভিত্তিক ধারাবাহিকের পাশাপাশি ভৌতিক ও অতিপ্রাকৃত কাহিনিনির্ভর অনুষ্ঠান নির্মাণেও সাফল্য পেয়েছিলেন বিপি সিং। তাঁর প্রযোজিত জনপ্রিয় ভৌতিক ধারাবাহিক ‘আহট’ ১৯৯৫ সালে সম্প্রচার শুরু হয়। দীর্ঘ সময় ধরে প্রচারিত অনুষ্ঠানটি ভারতীয় টেলিভিশনের ভৌতিক ধারার অন্যতম পরিচিত নাম হয়ে ওঠে।
দীর্ঘ কর্মজীবনে একাধিক প্রজন্মের দর্শকদের বিনোদন দিয়েছেন বিপি সিং। রহস্য, অপরাধ অনুসন্ধান ও ভৌতিক কাহিনিকে টেলিভিশনের পর্দায় আকর্ষণীয়ভাবে উপস্থাপনের মাধ্যমে ভারতীয় বিনোদনজগতে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন তিনি।
তাঁর মৃত্যুতে ভারতীয় টেলিভিশন ও বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, অভিনয়শিল্পী ও অনুরাগীরা এই নির্মাতার প্রয়াণে শোক প্রকাশ করছেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর