নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের বিলদহর ভাটোপাড়া ও কলম ইউনিয়নের কালিনগর এলাকায় দীর্ঘ ৮ বছর পরে নদীর বুকচিরে বসানো হয়েছে অবৈধ সৌতি। আত্রাই নদীতে সৌতির জন্য অবৈধভাবে বাঁধ তৈরি করে মাছ শিকারের অভিযোগ উঠেছে। নদীর পানিপ্রবাহের ওপর আড়াআড়িভাবে বাঁশ ও জাল স্থাপন করায় স্বাভাবিক নৌ চলাচল ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
শনিবার সকালে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আত্রাই নদীর ওই অংশে বাঁশের কাঠামো তৈরি করে দীর্ঘ সৌতি জাল পাতা হয়েছে। এতে নদীর একটি বড় অংশে মাছ ধরার ব্যবস্থা করা হয়েছে। নৌযান চলাচলের সময় এসব বাঁশ ও জাল এড়িয়ে যেতে হচ্ছে। ফলে যাত্রী ও পণ্যবাহী নৌযান চলাচলে ভোগান্তির পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।
স্থানীয় বাসিন্দা আব্দুল সালাম বলেন, নদীর ওপর এভাবে বাঁশ ও জাল দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করায় পানির স্বাভাবিক প্রবাহও ব্যাহত হচ্ছে। এই নদীতে ২০১৮ সালের পরে প্রায় বছর পরে অবৈধভাবে সৌতি জাল ফেলা হয়েছে। বর্ষা মৌসুমে পানির প্রবাহে এর প্রভাব পড়লে নদীর তীর ভাঙনের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে নির্বিচারে মাছ ধরার কারণে নদীর মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আত্রাই নদীটি এলাকার মানুষের নৌ যোগাযোগ, জেলে পাড়ার জেলেদের মাছ ধরা ও দৈনন্দিন বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্থানীয়দের দাবি করে বলেন, নদীর ওপর স্থায়ী বা দীর্ঘস্থায়ী কোনো কাঠামো তৈরি করে নৌ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে প্রচলিত নিয়ম মেনে মাছ ধরার ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।
চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এস এম রাজু আহমেদ বলেন, নদীতে এ ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে নৌ চলাচল বন্ধ করা কোনোভাবেই কাম্য নয়। নৌ চলাচল স্বাভাবিক রাখতে অবৈধ বা প্রতিবন্ধকতামূলক সৌতি জাল অপসারণ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
সিংড়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত বলেন, অবৈধ সৌদি জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান রয়েছে এপর্যন্ত এ উপজেলার ৫টি স্থানে বসানো অবৈধ সুতিজাল উচ্ছেদ করা হয়েছে। বাঁকি গুলোর বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর