প্রিয় তারকার প্রতি ভক্তদের ভালোবাসার প্রকাশ কতটা ভিন্ন হতে পারে, তারই নজির দেখালেন শেহনাজ গিলের এক অনুরাগী। প্রিয় অভিনেত্রীর মুখের ছবি নিজের বুকে ট্যাটু করিয়ে সরাসরি শেহনাজের সামনে হাজির হন তিনি। বিষয়টি দেখে রীতিমতো অবাক হয়ে যান অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ওই ভক্তের সঙ্গে পাঞ্জাবি ভাষায় কথা বলছেন শেহনাজ। একপর্যায়ে তার বুকের ট্যাটুটি চোখে পড়ে অভিনেত্রীর। কৌতূহলী হয়ে শেহনাজ জানতে চান, ‘তুমি এই ট্যাটুটা কেন করালে?’
জবাবে ভক্তটি বলেন, ‘আমি আপনার ভক্ত।’ এরপর শেহনাজ বলেন, ‘আমি জানি তুমি আমার ভক্ত, কিন্তু…’। পরে অবশ্য তাকে ধন্যবাদ জানান অভিনেত্রী এবং তার হাতও ধরেন।
ভিডিওটি ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। কেউ মনে করিয়ে দিয়েছেন, এর আগেও ওই ব্যক্তি হাতে শেহনাজের ট্যাটু করিয়েছিলেন। তখন অভিনেত্রী তাকে হৃদয়ে আর ট্যাটু না করার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু এবার সেই পরামর্শও যেন কাজে আসেনি!
আরেক ভক্ত শেহনাজের নিজের ট্যাটুর প্রসঙ্গ টেনে লিখেছেন, একসময় শেহনাজ নিজেও করণ আউজলার ট্যাটু করেছিলেন। এবার তার ভক্তই শেহনাজের ছবি বুকে এঁকে ভালোবাসার প্রকাশ ঘটালেন।
সব মিলিয়ে, ভক্তের এই কাণ্ডে যেমন চমকে গেছেন শেহনাজ, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও তৈরি হয়েছে বেশ কৌতূহল।
এদিকে শেহনাজের নতুন সিনেমা ‘সিং ভার্সেস কৌর ২’ গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে। খবর অনুযায়ী, ভারতে মুক্তির প্রথম দিনে ছবিটি আয় করেছে ৩৫ লাখ রুপি। এখন সপ্তাহান্তে ছবিটি বক্স অফিসে কতটা সাড়া ফেলে, সেটিই দেখার বিষয়।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর