দেশে ডেঙ্গুর প্রকোপ আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন দুজনসহ চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৩ জনে। নিহত দুজনই পুরুষ। তাদের মধ্যে একজনের বয়স ৬ থেকে ১০ বছরের মধ্যে এবং অপরজনের বয়স ৫৬ থেকে ৬০ বছরের মধ্যে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫০ হাজার ২৭৬ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—২৫১ জন। এ ছাড়া খুলনা বিভাগে ১৯৯, বরিশালে ১৪৪, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৮, চট্টগ্রামে ১০৩, রাজশাহীতে ৭৩, ময়মনসিংহে ৪৮, রংপুরে ৪৭ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরে মৃত্যুর হিসাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন হাসপাতালে ৪৮, খুলনায় ২৫, ময়মনসিংহে ১৪, বরিশালে ১২, চট্টগ্রামে ১০, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮, রাজশাহীতে ৬ এবং রংপুর ও সিলেটে একজন করে মারা গেছেন। এছাড়া সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৮ জনের মৃত্যু হয়েছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর