• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১০ সেকেন্ড পূর্বে
মো: সাইফুল আলম সরকার
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৪৮ সকাল

‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ মাসব্যাপী প্রচারাভিযানের উদ্বোধন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

মো: সাইফুল আলম সরকার, ঢাকা: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত, আমদানি নির্ভরতা কমানো এবং পরিচ্ছন্ন ও ন্যায়ভিত্তিক জ্বালানি ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে শুরু হলো ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই (Renewables Now)’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান। পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও ওয়াটারকিপার্স বাংলাদেশ’র নেতৃত্বে ৩৭টি নাগরিক ও সামাজিক সংগঠনের যৌথ-আয়োজনে আজ ঢাকার সিরডাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এ প্রচারাভিযানের উদ্বোধন অনুষ্ঠিত হয়। মাসব্যাপী এ প্রচারাভিযানের আওতায় দেশের বিভিন্ন স্থানে সচেতনতামূলক কর্মসূচি, সাইকেল ও নৌ-র‍্যালি, সড়ক শোভাযাত্রা, উপকূলীয় পদযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনা ও জাতীয় সংলাপ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রচারাভিযানের অংশ হিসেবে উপকূলীয় পদযাত্রার আনুষ্ঠানিক যাত্রাও শুরু হয়; প্রধান অতিথি পদযাত্রার বাস্তবায়নকারী ও বেঙ্গল পিস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাশফিকুল হাসান টনির হাতে প্রচারাভিযানের ব্যানার হস্তান্তর করেন, যা পদযাত্রাটির আনুষ্ঠানিক সূচনা হিসেবে চিহ্নিত হয়।

‘ধরা’-এর সহ-আহ্বায়ক এম এস সিদ্দিকীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালাল আহমেদ, চেয়ারম্যান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোস্তফা আল মাহমুদ, সভাপতি, বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশন (বিএসআরইএ); শফিকুল আলম, বাংলাদেশ বিষয়ক লিড এনার্জি অ্যানালিস্ট, ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস (আইইইএফএ); গোলাম ইফতেখার মাহমুদ, সম্পাদক ও প্রকাশক, ঢাকা স্ট্রিম; অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার, ডিন, বিজ্ঞান অনুষদ ও অধ্যাপক, পরিবেশ বিজ্ঞান বিভাগ, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ ও প্রতিষ্ঠাতা ও পরিচালক, সেন্টার ফর অ্যাটমোসফেরিক পলিউশন স্টাডিজ (CAPS) ও জাকিয়া শিশির, সমন্বয়কারী, হাওর অঞ্চলবাসী।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)’র চেয়ারম্যান, জালাল আহমেদ তাঁর প্রধান অতিথির বক্তব্যে বলেন, “নবায়নযোগ্য জ্বালানির পথে আমাদের সবচেয়ে বড় বাধা প্রযুক্তি নয়, পরিবর্তনের মানসিকতা। বিদ্যুৎকেন্দ্র বলতে আমাদের প্রচলিত ধারণায় এখনও থার্মাল পাওয়ার প্ল্যান্টই ভেসে ওঠে; এই মানসিকতা বদলাতে হবে। মাতারবাড়ীর মতো বিদ্যমান জমি কাজে লাগিয়ে বড় পরিসরে সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব। এখন প্রয়োজন এই পরিবর্তনের বাধা ভেঙে দ্রুত সৌরবিদ্যুতের দিকে এগিয়ে যাওয়া।”

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’র সহ-আহ্বায়ক এম এস সিদ্দিকী তাঁর সভাপতির বক্তব্যে বলেন, “নবায়নযোগ্য জ্বালানি এখন শুধু পরিবেশ রক্ষার বিষয় নয়—এটি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা, অর্থনৈতিক স্বনির্ভরতা ও সার্বভৌমত্বের প্রশ্ন। আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার ঝুঁকি থেকে বেরিয়ে নিজেদের জ্বালানি নিজেদেরই তৈরি করতে হবে। সৌর, বায়ু, বায়োমাসসহ নবায়নযোগ্য জ্বালানির প্রসার দেশজুড়ে নতুন বিনিয়োগ, কর্মসংস্থান ও স্থানীয় অর্থনীতির সুযোগ তৈরি করতে পারে। তাই এখনই নবায়নযোগ্য জ্বালানিতে বড় পরিসরে রূপান্তরের সময়।”

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’র সদস্য সচিব ও ওয়াটারকিপার্স বাংলাদেশ’র সমন্বয়ক শরীফ জামিল তাঁর স্বাগত বক্তব্যে বলেন, “বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা আজ আমদানি নির্ভরতার কারণে গভীর চ্যালেঞ্জের মুখে। এই বাস্তবতা থেকে বেরিয়ে আসতে নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত ও পরিকল্পিত রূপান্তরের কোনো বিকল্প নেই। ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য অর্জনে এখনই সুস্পষ্ট পথনকশা, কার্যকর পদক্ষেপ ও দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন। আর এই পরিবর্তন শুধু সরকারের একার দায়িত্ব নয় এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। সেই দায়িত্ববোধ ও অঙ্গীকার থেকেই ৩৭টি সংগঠন যৌথভাবে “নবায়নযোগ্য জ্বালানি, এখনই” শিরোনামে বিশেষ প্রচারাভিযানের পরিকল্পনা গ্রহণ করেছে। আমাদের এই উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানির পথে পুরো বাংলাদেশের নাগরিক সমাজকে আরও ঐক্যবদ্ধ ও উদ্বুদ্ধ করবে।”

বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশন (বিএসআরইএ)-এর সভাপতি মোস্তফা আল মাহমুদ তাঁর বিশেষ অতিথির বক্তব্যে বলেন “আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থা আমাদের জ্বালানি নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে। নতুন এফএসআরইউ স্থাপন করলেই সমাধান হবে না; এর সঙ্গে পাইপলাইনসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে প্রায় ২০ হাজার কোটি টাকা অতিরিক্ত বিনিয়োগের প্রশ্ন রয়েছে। তাই এলএনজি আমদানিতে আরও নির্ভরশীল না হয়ে আগামী তিন-চার বছরের মধ্যেই নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা দ্রুত বাড়াতে হবে।”

এ যৌথ আয়োজনের ৩৭টি সদস্য সংস্থা হল - ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ (WKB), সেন্টার ফর অ্যাটমোসফেরিক পলিউশন স্টাডিজ (CAPS), ইয়ুথ অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (YASD), আপস ইয়ুথ অর্গানাইজেশন, ব্রাইটার্স, ইয়ুথ এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (YEDO), ওএবি ফাউন্ডেশন, রিভার বাংলা ,বেঙ্গল পিস ফাউন্ডেশন, তরঙ্গ ফাউন্ডেশন, ক্লাইমেট ফ্রন্টিয়ার(CF), ড্রিম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (DRDF), বাংলাদেশ কৃষক ফেডারেশন (BKF), রিভারাইন পিপল, এনভায়রনমেন্টাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অল্টারনেটিভস (ERDA), সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন, সচেতন নাগরিক সমাজ সংগঠন, কোস্ট ফাউন্ডেশন, সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (CPRD), সেন্টার ফর রিনিউএবল এনার্জি সার্ভিসেস লিমিটেড (CRESL), আর্থস অ্যান্টস, কাসমাস অর্গানাইজেশন, বারসিক (BARCIK), হাওর অঞ্চলবাসী, স্বপ্নের সিঁড়ি সমাজকল্যাণ সংস্থা, মিশন গ্রিন বাংলাদেশ (MGB), ইকুইটি বিডি (EquityBD), সচেতন ফাউন্ডেশন, সম্প্রীতি ও সৌহার্দ্য, গর্জন সমাজ কল্যাণ সংস্থা, বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশন (BSREA), রিভার সোশ্যাল ডেভেলপমেন্ট বাংলাদেশ, গ্রিনওয়ে রিনিউএবল এনার্জি ইমপ্লিমেন্টেশন অর্গানাইজেশন, ইউনিভো (UNIVO), ইউক্যান (YouCan), গ্রিনপিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]