ঢাকার সাভারের আশুলিয়ায় ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. ইসরাফিল হোসেনকে সমর্থন করায় শাজাহান নামে এক পোশাক শ্রমিককে মারধর করে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর মিয়ার স্বজনদের বিরুদ্ধে। রোববার রাত সাড়ে ১০টার দিকে ধামসোনা ইউনিয়নের ভাদাইল মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আহত শাহজাহান মিয়া ভাদাইল উত্তরপাড়ার বাসিন্দা এবং ডিইপিজেডের ‘এক্সপেরিয়েন্স’ নামের একটি পোশাক কারখানার শ্রমিক। অভিযুক্তরা হলেন—ভাদাইলের শরিফ, তার ভাই আরিফ, হিরন এবং চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর মিয়ার মামা কুরবান আলী।
অভিযোগ সূত্রে জানা যায়, রোববার রাতে ভাদাইল গ্রামের মধ্যপাড়া এলাকায় অবস্থানকালে শরিফ, আরিফ, হিরন ও কুরবান আলীর সঙ্গে শাহজাহানের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তারা শাহজাহানকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইসরাফিল হোসেন বলেন, ‘শাহজাহান আমার নির্বাচনি কার্যালয়ে যাতায়াত করেন। আমার পক্ষে কাজ করায় বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল গফুরের লোকজন তাকে মারধর করেছে। নির্বাচন করা এবং কাউকে সমর্থন করা মানুষের গণতান্ত্রিক অধিকার। এ ঘটনার পর আমার শ্রমিক সমর্থকরা আতঙ্কের মধ্যে আছেন। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর মিয়া বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না। বর্তমানে ঢাকায় আছি, ফিরে এসে বিষয়টি জেনে জানাতে পারব।’
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘শাহজাহান নামে এক ব্যক্তিকে মারধরের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর