নাটোরের সিংড়ায় বিডি২৪লাইভ'সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর আত্রাই নদীতে মাছ শিকারের জন্য তৈরি করা তিনটি স্রোতিজালের কাঠামো অপসারণ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কালিনগরে দুইটি ও বিলদহর ভাটোপাড়া এলাকায় একটি। স্থানগুলোতে অভিযান চালিয়ে এসব অবৈধ কাঠামো অপসারণ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আত্রাই নদীতে স্রোতিজাল বসিয়ে মাছ শিকারের জন্য বাঁধ দেওয়ায় পানির স্বাভাবিক প্রবাহ ও নৌযান চলাচল ব্যাহত হওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, নদীর স্বাভাবিক পানিপ্রবাহ ও নৌযান চলাচল সচল রাখতে অবৈধভাবে স্থাপন করা স্রোতিজালের কাঠামো অপসারণ করা হয়েছে। নদীতে এ ধরনের অবৈধ কাঠামো স্থাপন করে মাছ শিকার বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর