কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ফুফু ও ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দড়ানীপাড়া গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে মনজুরুল আলম টিটু (৩৫) এবং একই গ্রামের জসীম উদ্দীনের স্ত্রী খালেদা আক্তার (৭০)। সম্পর্কে তারা ফুফু ও ভাতিজা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জায়গা-সংক্রান্ত বিষয় নিয়ে ভাই ও বোনের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে সোমবার সন্ধ্যায় খালেদা আক্তারের ভাই মোস্তাক আহমেদ আবু মিয়া দলবল নিয়ে খালেদা আক্তার ও মনজুরুল আলম টিটুর ওপর হামলা চালান। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে গুরুতর জখম করেন। পরে আহতদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (গৌরীপুর) নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহত টিটুর শাশুড়ি জোসনা বেগম ও স্বজন মো. শফিকুল ইসলাম জানান, জায়গা-সংক্রান্ত বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ভাই-বোনের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর