দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী, মডেল ও প্রযোজক জয়া আহসান। অভিনয় ও গ্ল্যামার দিয়ে বরাবরই ভক্তদের মুগ্ধ করে রাখেন তিনি। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের কফি পানের আমন্ত্রণ জানিয়ে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। তবে আমন্ত্রণের সঙ্গে জুড়ে দিয়েছেন মজার এক শর্ত—কফির সঙ্গ দেবেন তিনি, আর বিল দিতে হবে ভক্তকেই।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় নিজের কফি পানের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন জয়া। সাদা পোশাকে ছবিগুলোতে বেশ স্বচ্ছন্দ ও আকর্ষণীয় ভঙ্গিতে দেখা যায় তাকে। কখনো কফির কাপ ঠোঁটের কাছে তুলে ধরেছেন, আবার কখনো ক্যামেরার দিকে তাকিয়ে মুচকি হেসেছেন।
তবে ছবির চেয়ে বেশি নজর কেড়েছে তাঁর মজার ক্যাপশন। সেখানে জয়া লিখেছেন, ‘কফি খাবে কেউ!! বিলটা নিজের, সঙ্গটা আমার!’
অভিনেত্রীর এমন খুনসুটিপূর্ণ আমন্ত্রণে দ্রুত সাড়া দিয়েছেন ভক্ত-অনুরাগীরা। অনেকেই মন্তব্য করেছেন, কফির বিল দিতে তাদের কোনো আপত্তি নেই। কেউ কেউ আবার জয়ার সঙ্গে এক কাপ কফি খেয়ে আড্ডা দেওয়ার আগ্রহও প্রকাশ করেছেন। সব মিলিয়ে পোস্টটির মন্তব্যের ঘরে ভক্তদের নানা রকম রসিকতা ও উচ্ছ্বাস দেখা গেছে।
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্রে সমানভাবে জনপ্রিয় জয়া আহসান। অভিনয়ের পাশাপাশি মডেলিং ও প্রযোজনাতেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। টেলিভিশন নাটকের মাধ্যমে পরিচিতি পাওয়ার পর বড় পর্দায় শক্ত অবস্থান তৈরি করেন এই অভিনেত্রী।
২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। পরে ২০১১ সালে নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘গেরিলা’তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা অর্জন করেন। এই সিনেমার জন্য প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর স্বীকৃতি পান তিনি।
এরপর ‘চোরাবালি’, ‘জিরো ডিগ্রি’, ‘দেবী’, ‘আলাতচক্র’ ও ‘বিউটি সার্কাস’-এর মতো সিনেমায় অভিনয় করে নিজের অভিনয়প্রতিভার স্বাক্ষর রাখেন জয়া। পশ্চিমবঙ্গের চলচ্চিত্রেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য অবদান। সেখানকার জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘বিসর্জন’, ‘বিজয়া’, ‘কণ্ঠ’, ‘রবিবার’ ও ‘রাজকাহিনী’।
অভিনয়জীবনে অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন জয়া আহসান। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পাঁচবার স্বীকৃতি অর্জন করেছেন তিনি। এ ছাড়া ভারতের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন। ২০২৩ সালে অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত ‘কড়ক সিং’ সিনেমার মাধ্যমে হিন্দি চলচ্চিত্রেও অভিষেক হয় তাঁর।
সিনেমার পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব জয়া। নতুন কাজের খবর কিংবা ব্যক্তিগত মুহূর্তের ছবি নিয়মিত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। মাঝেমধ্যে এমন মজার পোস্টেও ভক্তদের সঙ্গে খুনসুটিতে মেতে ওঠেন। এবার কফির বিল ভক্তদের ওপর রেখে নিজের সঙ্গ দেওয়ার প্রস্তাব দিয়ে সামাজিকমাধ্যমে নতুন আলোচনার জন্ম দিলেন এই অভিনেত্রী।
কুশল/সাএ
সর্বশেষ খবর