ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটি সমানে সমান লড়াইয়ে শেষ করেছে বাংলাদেশ। দিনের শুরুতে ভালো অবস্থানে ছিল সফরকারীরা। তবে লাঞ্চের ঠিক আগে নাঈম হাসানের আঘাতে ম্যাচে কিছুটা নিয়ন্ত্রণ ফিরে পায় বাংলাদেশ। লাঞ্চ বিরতিতে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ উইকেটে ২১৩ রান। এখনো ৫৯ রানে পিছিয়ে রয়েছে তারা।
দিনের শুরুতে ব্যাট হাতে ফিফটি তুলে নেন তেজনারায়ণ চন্দরপল। টেস্ট ক্যারিয়ারে এটি তাঁর তৃতীয় অর্ধশতক। জাস্টিন গ্রিভসের সঙ্গে তাঁর জুটিতে যোগ হয় ৫৭ রান। শেষ পর্যন্ত ১৮২ বলে ৫৬ রান করে শরীফুল ইসলামের বলে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন চন্দরপল।
এরপর ব্যাটিংয়ে নামেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রস্টন চেজ। জাস্টিন গ্রিভসকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে রান বাড়াতে থাকেন তিনি।
২৭ রানে থাকা অবস্থায় একবার জীবনও পান চেজ। নাঈম হাসানের করা ৭৩তম ওভারের চতুর্থ বলটি অতিরিক্ত বাউন্স নিয়ে ভেতরে ঢুকে যায়। সামনে ঝুঁকে বলটি ঠেকানোর চেষ্টা করেন চেজ। তবে বল ব্যাটের কানায় লেগে শর্ট লেগে উঠে যায়। সেখানে মুমিনুল হক ডান দিকে ঝাঁপিয়ে দুই হাতে ক্যাচটি নেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত সফল হননি।
তবে লাঞ্চের ঠিক আগে সেই নাঈমই বাংলাদেশকে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দেন। দুর্দান্ত ছন্দে থাকা জাস্টিন গ্রিভসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। ৪৬ রান করে সাজঘরে ফেরেন গ্রিভস।
গ্রিভসের বিদায়ের পরই শেষ হয় দিনের প্রথম সেশন। এই সেশনে দুটি উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। তবে লিড নিতে হলে ওয়েস্ট ইন্ডিজের বাকি চারটি উইকেট দ্রুত তুলে নিতে হবে স্বাগতিকদের।
কুশল/সাএ
সর্বশেষ খবর
স্পোর্টস এর সর্বশেষ খবর