টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অংশ না নেওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সিদ্ধান্তের পরই বিশ্বকাপে না যাওয়ার বিষয়ে অবস্থান নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত বিশেষ তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে নিরাপত্তাঝুঁকির কথা উল্লেখ করে বাংলাদেশ দলের বিশ্বকাপ সফর স্থগিতের প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ সিদ্ধান্তের ক্ষেত্রে সরকারের সর্বোচ্চ পর্যায়ে কোনো যৌথ সিদ্ধান্ত কিংবা বিসিবি পরিচালনা পর্ষদের সম্মিলিত সিদ্ধান্ত ছিল না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তদন্ত কমিটির ভাষ্য অনুযায়ী, ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে আসিফ নজরুলের সিদ্ধান্তের পর বিসিবি বিশ্বকাপে অংশ না নেওয়ার বিষয়ে অবস্থান নেয়। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে স্বাধীন কোনো পর্যবেক্ষণ ছাড়াই সফর স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলেও প্রতিবেদনে উঠে এসেছে।
বাংলাদেশ দলের বিশ্বকাপে অংশ না নেওয়ার কারণ অনুসন্ধানে গত মার্চে তিন সদস্যের এই তদন্ত কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) ড. এ. কে. এম ওলি উল্যার নেতৃত্বে গঠিত কমিটির অন্য দুই সদস্য ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফয়সাল দস্তগীর এবং সাবেক জাতীয় দলের অধিনায়ক ও বর্তমান প্রধান নির্বাচক হাবিবুল বাশার।
বিশ্বকাপে বাংলাদেশ দলের না যাওয়ার সিদ্ধান্ত কীভাবে নেওয়া হয়েছিল এবং এতে কার ভূমিকা ছিল—তা অনুসন্ধান করতেই এই কমিটি গঠন করা হয়। প্রকাশিত প্রতিবেদনে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে এসব পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর