নাটোরে দুর্ঘটনাগ্রস্ত একটি সিএনজি অটোরিকশা থেকে কৌশলে সরিয়ে রাখা ৩৩ কেজি ৩৭০ গ্রাম গাঁজাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে নলডাঙ্গা থানা পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নলডাঙ্গা পৌরসভার বুড়িরভাগ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন নলডাঙ্গা পৌরসভার বুড়িরভাগ এলাকার মো. মঈন উদ্দিন মন্টুর ছেলে মো. পারভেজ মোস্তফা (২৫),নাছির শেখের ছেলে মো. নজরুল ইসলাম ওরফে নবা (৪০) এবং মৃত কটু প্রামানিকের ছেলে মো. শাহাদৎ হোসেন ওরফে বিপুল (৪৩)
মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ এই তথ্য জানান পুলিশ সুপার শরিফুল হক।
তিনি জানান, গত ৮ সেপ্টেম্বর বিকেলে নলডাঙ্গার বুড়িরভাগ গ্রামে একটি নীল রঙের সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ওই সময় সিএনজির চালক পালিয়ে যান এবং আহত যাত্রী চিকিৎসার জন্য হাসপাতালে চলে যান। সেই সুযোগে গ্রেপ্তারকৃত আসামিরা সিএনজিতে থাকা ৩টি চটের বস্তায় ভরা গাঁজা কৌশলে নিজ নিজ বাড়িতে নিয়ে ছোট ছোট প্যাকেটে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করেন।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে নলডাঙ্গা থানা পুলিশ ১৪ সেপ্টেম্বর বিকেল পৌনে চারটার দিকে অভিযান চালিয়ে আসামি পারভেজ ও নজরুলের কাছ থেকে ১৯ কেজি ৭৭০ গ্রাম এবং শাহাদৎ হোসেনের বাড়ি থেকে ১৩ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
তিনি আরো জানান, এ ঘটনায় নলডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর