• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১০ সেকেন্ড পূর্বে
মোতালেব হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৬, ০৪:২২ দুপুর
প্রথম পর্ব

সওজের প্রকৌশলী নাজমুল হুদার সম্পদ দুই কোটি ছাড়াল, উৎস নিয়ে প্রশ্ন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সড়ক ও জনপথ অধিদপ্তরে (সওজ) প্রশাসনিক প্রভাব খাটিয়ে অধীনস্থ প্রকৌশলী ও ঠিকাদারি কার্যক্রম নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু সাঈদ মো. নাজমুল হুদার বিরুদ্ধে। পছন্দের প্রকৌশলীদের নিয়ে প্রভাববলয় তৈরি, ঠিকাদারদের বিশেষ সুবিধা দেওয়া, কমিশন বাণিজ্য এবং অধীনস্থ কর্মকর্তাদের বদলিতে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

দরপত্র মূল্যায়নে বিধি লঙ্ঘন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্যের ঘটনায় ইতোমধ্যে বিভাগীয় শাস্তিও পেয়েছেন সওজের এই কর্মকর্তা।

বিডি২৪লাইভের অনুসন্ধানে নাজমুল হুদা ও তাঁর স্ত্রীর নামে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় জমি, ফ্ল্যাট, ব্যাংক আমানত ও বিভিন্ন খাতে বিনিয়োগের তথ্য উঠে এসেছে। শুধু নাজমুল হুদার আয়কর রিটার্নেই ঘোষিত সম্পদের পরিমাণ ২ কোটি ৬ লাখ টাকার বেশি। এর মধ্যে ব্যাংক আমানত, সঞ্চয়পত্র, ডিপিএস ও নগদ অর্থ রয়েছে দেড় কোটি টাকার বেশি।

কর্মস্থল সিলেটে হলেও নিয়মিত ঢাকা-সিলেট রুটে তাঁর বিমানযাত্রার তথ্যও পাওয়া গেছে। তবে আয়কর রিটার্নে ব্যক্তিগত পরিবহন ও ভ্রমণ খাতে কোনো ব্যয়ের উল্লেখ নেই।

প্রশাসনিক প্রভাব বিস্তারের অভিযোগ, ঠিকাদারি কার্যক্রম এবং ব্যক্তিগত ও পারিবারিক সম্পদ অর্জনের উৎস নিয়ে অনুসন্ধানে উঠে এসেছে একাধিক প্রশ্ন।

আয়কর রিটার্নে দুই কোটি টাকার বেশি সম্পদ

বিডি২৪লাইভের হাতে আসা নাজমুল হুদার ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্নের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত তাঁর ঘোষিত মোট সম্পদের পরিমাণ ২ কোটি ৬ লাখ ১০ হাজার ৫৪০ টাকা। একই রিটার্নে কোনো ঋণের তথ্য উল্লেখ নেই।

রিটার্নে ঢাকায় ১ হাজার ৮৭২ বর্গফুটের একটি ফ্ল্যাটের ক্রয়মূল্য দেখানো হয়েছে ৫১ লাখ ৩৪ হাজার ৮৬০ টাকা। সঞ্চয়পত্র ও ডিপিএসে বিনিয়োগ রয়েছে ৩৮ লাখ ৩৬ হাজার ১৭৫ টাকা। মেয়াদি আমানতে রয়েছে ৪১ লাখ টাকা। বিভিন্ন ব্যাংক হিসাবে জমা দেখানো হয়েছে ৫৩ লাখ ৫২ হাজার ৬২৮ টাকা। এ ছাড়া হাতে নগদ অর্থ রয়েছে ১৮ লাখ ২৬ হাজার ৮৭৭ টাকা।

অর্থাৎ ব্যাংক আমানত, মেয়াদি আমানত, সঞ্চয়পত্র, ডিপিএস ও নগদ অর্থ মিলিয়ে তাঁর ঘোষিত সম্পদের পরিমাণ ১ কোটি ৫১ লাখ ১৫ হাজার ৬৮০ টাকা।

একই করবর্ষে তিনি ২৬ লাখ ২৬ হাজার ২৫০ টাকা মূলধনি আয় দেখিয়েছেন। সম্পত্তি হস্তান্তরের বিপরীতে উৎসে কর পরিশোধের পরিমাণ উল্লেখ করা হয়েছে ১ লাখ ৮০ হাজার টাকা।

রিটার্নে আগের বছরের ৩০ জুন পর্যন্ত তাঁর নিট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১ কোটি ৭৩ লাখ ৫৮ হাজার ১৫০ টাকা। তবে আগের বছরের নিট সম্পদ এবং বর্তমান বছরের মোট সম্পদের হিসাব সরাসরি তুলনাযোগ্য না হওয়ায় সম্পদ বৃদ্ধির সুনির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করা যায়নি।

ঢাকায় ফ্ল্যাট, আমিনবাজার ও মিরপুরে জমি

আয়কর রিটার্নে উল্লেখ করা ফ্ল্যাটের পাশাপাশি রাজধানী ও এর আশপাশে নাজমুল হুদার নামে জমির মালিকানার তথ্যও পাওয়া গেছে।

ভূমিসংক্রান্ত নথির তথ্য অনুযায়ী, ঢাকার আমিনবাজারের বড়বদেশী-৩২০ মৌজায় তাঁর নামে ৬ দশমিক ৫০ শতাংশ জমি রয়েছে।

এ ছাড়া মিরপুরের বাউনিয়া-১ মৌজায় ২৫ দশমিক ২৯৮ শতাংশ জমির একটি যৌথ খতিয়ানে ৪৬ জন মালিকের মধ্যে নাজমুল হুদার নাম রয়েছে। ওই খতিয়ানে তাঁর মালিকানার হিস্যা উল্লেখ করা হয়েছে ০.০২৫২৩।

অনুসন্ধানে তাঁর স্ত্রীর নামেও রাজশাহী ও ঢাকায় জমির মালিকানার তথ্য পাওয়া গেছে। এসব সম্পত্তির ক্রয়মূল্য ও অর্থের উৎস সম্পর্কে জানতে নাজমুল হুদার কাছে লিখিত প্রশ্ন পাঠানো হলেও তাঁর কাছ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

কর্মস্থল সিলেটে, নিয়মিত যাতায়াত বিমানে

নাজমুল হুদার কর্মস্থল সিলেটে হলেও সপ্তাহের শেষে বিমানে ঢাকায় আসা এবং সপ্তাহের শুরুতে আবার সিলেটে ফেরার তথ্য পাওয়া গেছে অনুসন্ধানে।

ঢাকা-সিলেট রুটে একমুখী বিমানভাড়া ৭ হাজার টাকা ধরে হিসাব করলে সপ্তাহে দুই দফা যাতায়াতে ব্যয় দাঁড়ায় প্রায় ১৪ হাজার টাকা। বছরে ৫২ সপ্তাহ এভাবে যাতায়াত করলে সম্ভাব্য ব্যয় দাঁড়ায় ৭ লাখ ২৮ হাজার টাকা।

তবে এটি একটি আনুমানিক হিসাব। তাঁর প্রকৃত বিমানযাত্রার সংখ্যা, টিকিটের মূল্য এবং ব্যয় নির্বাহের উৎস সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে, ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্নে তাঁর বার্ষিক জীবনযাত্রার ব্যয় দেখানো হয়েছে ৯ লাখ ৯ হাজার ২১১ টাকা। ব্যক্তিগত পরিবহন এবং ভ্রমণ ও ছুটি খাতে পৃথক কোনো ব্যয়ের উল্লেখ নেই।

বিমানযাত্রার ব্যয় তিনি ব্যক্তিগত অর্থে নির্বাহ করেন, নাকি অন্য কোনো উৎস থেকে বহন করা হয়, সে বিষয়েও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

২৮ দিনের দরপত্র মূল্যায়নে ২৪৮ দিন, বিভাগীয় শাস্তি

সম্পদের উৎস নিয়ে প্রশ্নের পাশাপাশি সরকারি দায়িত্ব পালনে অনিয়মের ঘটনায় বিভাগীয় শাস্তির নজিরও রয়েছে নাজমুল হুদার বিরুদ্ধে।

২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ ও হবিগঞ্জ সড়ক বিভাগের সড়ক, সেতু ও কালভার্ট জরুরি পুনর্বাসন ও পুনর্নির্মাণ প্রকল্পের দুটি দরপত্র মূল্যায়নে অস্বাভাবিক বিলম্বের অভিযোগে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়।

বিভাগীয় মামলার নথি অনুযায়ী, সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর), ২০০৮-এর তফসিল-৩-এর প্রথম অংশ অনুসারে সংশ্লিষ্ট দরপত্র মূল্যায়নের জন্য নির্ধারিত সময় ছিল ২৮ দিন। অথচ একটি প্যাকেজের দরপত্র মূল্যায়নে ২৪৮ দিন এবং অন্যটির ক্ষেত্রে ২২০ দিন সময় নেওয়া হয়।

বিভাগীয় কার্যক্রমে দরপত্র মূল্যায়নে বিধি লঙ্ঘন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্যের অভিযোগ প্রমাণিত হওয়ার কথা উল্লেখ রয়েছে।

আত্মপক্ষ সমর্থনে নাজমুল হুদা লিখিত জবাব দেন এবং ব্যক্তিগত শুনানিতেও অংশ নেন। পরবর্তী সময়ে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৪(২)(ক) অনুযায়ী তাঁকে লঘুদণ্ড হিসেবে ‘তিরস্কার’ করা হয়।

গত ১১ জুন ২০২৬ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ-সংক্রান্ত শাস্তির আদেশ জারি করে। পরবর্তী সময়ে ২২ জুন বিভাগের সরকারি ওয়েবসাইটে লঘুদণ্ড প্রদানের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

মন্তব্য করতে রাজি হননি নাজমুল হুদা

ব্যক্তিগত ও পারিবারিক সম্পদের উৎস, ফ্ল্যাট ও জমি কেনার অর্থ, ব্যাংক আমানত, বিনিয়োগ এবং নিয়মিত বিমানযাত্রার ব্যয় সম্পর্কে জানতে গত ৪ সেপ্টেম্বর নাজমুল হুদার হোয়াটসঅ্যাপে লিখিত প্রশ্ন পাঠায় বিডি২৪লাইভ।

সংশ্লিষ্ট নথি ও অনুসন্ধানে উঠে আসা তথ্যের সারসংক্ষেপ তুলে ধরে তাঁকে বক্তব্য দেওয়ার জন্য তিন কার্যদিবস সময় দেওয়া হয়।

পরবর্তী সময়ে ফোনে যোগাযোগ করা হলে তিনি নিজের পরিচয় নিশ্চিত করেন। তবে অনুসন্ধানে উঠে আসা তথ্য ও অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

অবশ্য আয়কর রিটার্নে সম্পদ ঘোষণা করা নিজেই কোনো অনিয়মের প্রমাণ নয়। এসব সম্পদ অর্জনের সঙ্গে তাঁর বৈধ আয়ের সংগতির বিষয়টি পূর্ণাঙ্গ নথি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাইয়ের মাধ্যমে নির্ধারণ করা সম্ভব।

দ্বিতীয় পর্বে থাকছে ঠিকাদারি কার্যক্রম ও প্রশাসনিক প্রভাবের অনুসন্ধান

এক ঠিকাদারের সঙ্গে কথিত ব্যবসায়িক অংশীদারত্ব, পছন্দের ঠিকাদারকে সুবিধা দিতে তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে বদলিতে প্রভাব বিস্তার এবং ওই বদলির পর মাত্র দুই দিনে কয়েক কোটি টাকার বিল উত্তোলনের অভিযোগও রয়েছে নাজমুল হুদার বিরুদ্ধে।

সরকারি উন্নয়ন প্রকল্পের ঠিকাদারি কার্যক্রমে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার হয়েছে কি না, সংশ্লিষ্ট নথি, অভিযোগ ও বক্তব্যের ভিত্তিতে এসব বিষয় তুলে ধরা হবে বিডি২৪লাইভের বিশেষ অনুসন্ধানের দ্বিতীয় পর্বে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]