ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যেই প্রজ্ঞাপনের মাধ্যমে বিলুপ্ত হওয়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নিয়ে যাত্রা শুরু করেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন নামে কার্যক্রম শুরুর বিষয়টি জানিয়েছেন বাহিনীটির প্রধান আহসান হাবীব পলাশ।
তিনি বলেন, ‘এসআরবি নামে গেজেট হয়েছে। আমরা র্যাবের নাম পরিবর্তন করে এসআরবি নাম দিয়ে আজ থেকে সব কার্যক্রম শুরু করেছি।’
এদিন আয়োজিত সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্রে বাহিনীটির নতুন লোগো ব্যবহার করা হয়। সেখানে র্যাবের পরিবর্তে ‘এসআরবি বাংলাদেশ’ লেখা রয়েছে। তবে লোগোর নকশায় কোনো পরিবর্তন আনা হয়নি। নতুন লোগোটি বাহিনীর বিভিন্ন ইউনিটের সংবাদ বিজ্ঞপ্তিতেও ব্যবহার করতে দেখা গেছে।
এর আগে গত ১০ সেপ্টেম্বর র্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে নতুন বিশেষায়িত ইউনিট গঠনের বিল জাতীয় সংসদে পাস হয়। মঙ্গলবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর তা আইনে পরিণত হয়। এর পরদিনই নতুন নামে কার্যক্রম শুরু করল বাহিনীটি।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ২৬ মার্চ র্যাব গঠন করা হয়। আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীটির বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি পরবর্তী সময়ে বিচারবহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও ওঠে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে বাহিনীটি বিলুপ্তির দাবিও জোরালো হয়।
গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ১০ ডিসেম্বর র্যাব ও বাহিনীটির সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।
জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ১০ ডিসেম্বর বিএনপি গঠিত পুলিশ প্রশাসন সংস্কারবিষয়ক কমিটিও র্যাব বিলুপ্তির দাবি জানায়।
এর ধারাবাহিকতায় কাঠামো ও কর্মপরিধি পুনর্বিন্যাস করে র্যাবের পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে নতুন কাঠামোয় বাহিনীটির কার্যক্রম চালু রাখল সরকার।
কুশল/সাএ
সর্বশেষ খবর