কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী নুরজাহান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জানা গেছে, নূর জাহান বাংলা বিভাগের ৬১তম আবর্তনের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ মৌছাগাছা এলাকায়। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার গর্ভে থাকা অনাগত শিশুটিও মারা গেছে। পারিবার জানায়, দেড় বছর আগে জোবায়ের হোসেনের সঙ্গে নূর জাহানের বিয়ে হয়। নূর জাহান ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
তার স্বামী জোবায়ের হোসেন বলেন, আগামী মাসে আমাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা ছিল। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) আমার স্ত্রীর সামান্য জ্বর আসে। পরে নানা শারীরিক সমস্যা দেখা দিলে কুমিল্লায় চিকিৎসায় পরিস্থিতির উন্নতি হয়নি। তাই তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।
বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মশিউর রহমান ভূঞা বলেন, ‘আমার ছাত্রী নূর জাহান অত্যন্ত ভদ্র ছিল। বিভাগের বিভিন্ন অনুষ্ঠানে সে অংশগ্রহণ করতো। সে অনেক সৃজনশীল ছিল। তার মৃত্যু সংবাদে আমরা অত্যন্ত ব্যথিত। তার জানাজায় কলেজের শিক্ষকদের একটি প্রতিনিধিদল অংশ নেয়।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল বাসার ভুইয়া বলেন, ‘একজন মেধাবী ছাত্রীর এ অকালমৃত্যু সত্যিই দুঃখজনক। আমরা কলেজ পরিবার এ ছাত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর