ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘনিয়ে আসছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী এবং দুই পক্ষের মধ্যে সরাসরি যোগাযোগও হয়েছে।
বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আশা করছি, আমরা যুদ্ধের শেষের দিকে রয়েছি।’ তিনি আরও বলেন, ইরান একটি চুক্তিতে পৌঁছাতে ‘খুবই আগ্রহী’। তবে সম্ভাব্য সমঝোতার শর্ত বা সময়সীমা সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।
এ সময় এক সাংবাদিক জানতে চান, সম্প্রতি ইরানের পক্ষ থেকে তাঁর সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে কি না। জবাবে ট্রাম্প জানান, যোগাযোগ হয়েছে। সেটি মধ্যস্থতাকারীর মাধ্যমে নাকি সরাসরি—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরাসরি।’
তবে ইরানের কোন কর্মকর্তা বা প্রতিনিধির সঙ্গে এই যোগাযোগ হয়েছে এবং আলোচনায় কী কী বিষয় উঠে এসেছে, সে বিষয়ে ট্রাম্প বিস্তারিত জানাননি।
ট্রাম্পের এই বক্তব্য এমন সময়ে এলো, যখন ইরানকে ঘিরে চলমান সংঘাতের পাশাপাশি কূটনৈতিক সমাধানের সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে। এর আগেও মার্কিন প্রেসিডেন্ট একাধিকবার দাবি করেছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় যেতে চায়।
তবে ট্রাম্পের সর্বশেষ বক্তব্য অনুযায়ী কোনো চুক্তি চূড়ান্ত হয়েছে—এমন ঘোষণা এখনো আসেনি। ফলে যুদ্ধের অবসান বা সম্ভাব্য সমঝোতার বিষয়ে পরবর্তী কূটনৈতিক তৎপরতার দিকেই নজর থাকবে।
সর্বশেষ খবর