আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রতিবাদে কক্সবাজার শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মো. মইন উদ্দীনের উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দেওয়া রায় প্রত্যাহারের দাবি জানানো হয়। নেতাকর্মীরা রায়কে ‘প্রহসনের রায়’ আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগান দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে ছাত্রলীগের নেতাকর্মীরা শহরের প্রধান সড়কে জড়ো হন। পরে তারা মিছিল নিয়ে প্রধান সড়কের বিজিবি ক্যাম্প এলাকা প্রদক্ষিণ করে বাসটার্মিনালে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা শেখ হাসিনার পক্ষে এবং ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে স্লোগান দেন। এ সময় সড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে ধীরগতি তৈরি হয় বলে স্থানীয়রা জানান।
মুঠোফোনে মিছিলের নেতৃত্ব দেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মো. মইন উদ্দীন। তার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে জেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলকারীদের অভিযোগ, রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে অবৈধ ট্রাইব্যুনালের মাধ্যমে প্রহসনের রায় দেওয়া হয়েছে। তারা এ রায় প্রত্যাখ্যান করে সংশ্লিষ্ট নেতাদের মুক্তির দাবি জানান।
মো. মইন উদ্দীনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে জানতে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী ও পুলিশ সুপার (এসপি) এম সাজেদুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর