• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৩০ সেকেন্ড পূর্বে
মনিরুল ইসলাম
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৪৩ রাত

আট মাসে ৯১৩ কোটি টাকার মাদক, চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

মৌলভীবাজার গত আট মাসে ৯১৩ কোটি ২ লাখ ৫৪ হাজার ৫৫০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সরাইল রিজিয়ন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় সরাইল রিজিয়নের ১৩টি ব্যাটালিয়নের পক্ষ থেকে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর উদ্যোগে জুড়ীর ফুলতলা বিওপিতে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান।

তিনি জানান, সারা দেশে বিজিবির পাঁচটি রিজিয়নের মধ্যে সর্ববৃহৎ হলো উত্তর-পূর্ব (সরাইল) রিজিয়ন। ১৭টি জেলার ১৫৬টি উপজেলার দায়িত্বপূর্ণ প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার সীমান্তে সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ ও শ্রীমঙ্গল—এই চার সেক্টরের অধীন ১৩টি ব্যাটালিয়নের ২১১টি বিওপি সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম পরিচালনা করছে।

বিজিবি সদস্যদের কঠোর পরিশ্রম, গোয়েন্দা তৎপরতা ও ধারাবাহিক অভিযানের ফলে গত আট মাসে সরাইল রিজিয়নের ১৩টি ব্যাটালিয়ন উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

বিজিবির এই অধিনায়ক জানান, সরাইল রিজিয়নের ১৩টি ব্যাটালিয়ন এ বছরের জানুয়ারি থেকে অদ্যাবধি ৭টি ম্যাগাজিনসহ ১১টি পিস্তল, ৭টি এয়ারগান, ৫টি পাইপগান, ৪০ রাউন্ড কার্তুজের পাশাপাশি ১৯ কেজি উচ্চ বিস্ফোরক, ১১৭টি ডেটোনেটর এবং ৩০ মিটার ডেটোনেটর তার উদ্ধার করেছে।

মাদকের বিরুদ্ধে সরাইল রিজিয়নের ১৩টি ব্যাটালিয়ন বিভিন্ন অভিযানে সর্বমোট ৩ লাখ ৭ হাজার ৭৮৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৩ হাজার ১৬৮ কেজি গাঁজা, ৫৮ হাজার ৭০০ বোতল বিদেশি মদ ও বিয়ার, ১৪ হাজার ৩০০ বোতল ফেনসিডিল ও ইস্কাফ সিরাপ, ৩ লাখ ৪ হাজার ৮০০ পিস বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ট্যাবলেট এবং ১৫১ লিটার চোলাই মদ আটক করেছে।

সরাইল রিজিয়নের গত আট মাসে জব্দ করা মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামালের সর্বমোট মূল্য ৯১৩ কোটি ২ লাখ ৫৪ হাজার ৫৫০ টাকা। এসব ঘটনায় সরাইল রিজিয়নের ১৩টি ব্যাটালিয়ন ২৮১ জন আসামিকে আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।

সরাইল রিজিয়নের অন্তর্গত ময়মনসিংহ ও সিলেট সেক্টরের সীমান্তের বিভিন্ন এলাকায় প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন প্রতিরোধে কঠোর অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে ১৫ হাজার ঘনফুট পাথর ও ৬ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

গত আট মাসে সীমান্ত সুরক্ষার পাশাপাশি সরাইল রিজিয়নের ১৩টি ব্যাটালিয়ন বিভিন্ন দুর্যোগে সর্বোচ্চটুকু দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে। এমনকি প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে দুর্গত মানুষের কাছে জরুরি ভিত্তিতে খাবার ও ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছে।

সীমান্তের জনগণ ও যুবসমাজের জীবনমান উন্নয়ন এবং আত্মকর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে সিলেট সেক্টর স্থানীয় নারী ও তরুণ-তরুণীদের কারিগরি প্রশিক্ষণ দিয়েছে। এছাড়াও শ্রীমঙ্গল সেক্টর তরুণ-তরুণীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে বৈধপথে অর্থ উপার্জনের উদ্যোগ গ্রহণ করেছে। এতে সীমান্তে চোরাচালান প্রতিরোধে জনগণের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও সচেতনতা বৃদ্ধি পেয়েছে।

দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, অস্ত্র ও বিস্ফোরক পাচার রোধ, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং মানুষের কল্যাণে বর্ডার গার্ড বাংলাদেশের এই নিরলস প্রচেষ্টা বর্তমানে অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানান এ অধিনায়ক। 

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]