খাগড়াছড়ি প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সীতার পাহাড় সংলগ্ন কাপ্তাই সীতাঘাট/পাথরঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজের প্রায় তিন ঘণ্টা পর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাদিজ শাহরিয়ার সানম নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মামুদপুর এলাকার বাসিন্দা ও অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. নাছির উদ্দিনের ছেলে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার সকালে ঢাকা ও নরসিংদী থেকে ১২ সদস্যের একটি পর্যটক দল কাপ্তাইয়ের সীতার পাহাড় এলাকায় ভ্রমণে আসে। দুপুরে পাহাড় ভ্রমণ শেষে দলটি কাপ্তাই সীতাঘাট এলাকায় কর্ণফুলী নদীর পাড়ে গোসল করতে নামে। এ সময় আকস্মিকভাবে নদীর পাড় থেকে পানির তীব্র স্রোতে তলিয়ে নিখোঁজ হন সাদিজ।
ঘটনাস্থলে থাকা বন্ধুদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন এবং ফায়ার সার্ভিস ও কাপ্তাই থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে উদ্ধারকারী দল ও স্থানীয়রা নদীতে যৌথভাবে তল্লাশি শুরু করে। অবশেষে বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে নিখোঁজের স্থান থেকে প্রায় ৪০ ফুট দূরে নদীর তলদেশ থেকে সাদিজের নিথর মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের সদস্য সরোয়ার হোসেন জানান, আনন্দভ্রমণে এসে এমন মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের বন্ধু ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ উদ্ধার করা মরদেহের প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর