নতুন করে হামলা চালানো হলে যুক্তরাষ্ট্রকে সীমাহীন পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। একই সময়ে ইয়েমেনে হুতিদের সঙ্গে সৌদি-সমর্থিত বাহিনীর তীব্র লড়াই অব্যাহত রয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে—এমন তথ্য পাওয়ার কথা জানিয়েছে ইরান। ওয়াশিংটন নতুন হামলা চালালে এর ‘সীমাহীন’ জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে তেহরান।
ইরানের এমন সতর্কবার্তার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধের ক্ষেত্রে তাদের সামনে তিনটি পথ রয়েছে—ইরানকে ‘ধ্বংস করে দেওয়া’, দেশটিকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়া অথবা একটি চুক্তিতে পৌঁছানো।
এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার বিষয়ে সতর্ক করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি। তিনি উপসাগরীয় অঞ্চলে ‘উত্তেজনা বৃদ্ধির চক্র’ বন্ধের আহ্বান জানিয়েছেন।
কাতারের প্রধানমন্ত্রী বলেন, এ অঞ্চলে এমন একটি কাঠামো প্রয়োজন, যেখানে প্রতিটি দেশের সার্বভৌমত্বকে সম্মান করা হবে এবং কোনো দেশ অন্য দেশের জন্য হুমকি তৈরি করতে পারবে না।
অন্যদিকে ইয়েমেনেও সংঘাত তীব্র হয়েছে। দেশটির আল-জাওফ প্রদেশে হুতিদের সঙ্গে সৌদি-সমর্থিত বাহিনীর চলমান লড়াইয়ে অন্তত চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা এবং ইয়েমেনে চলমান সংঘাতের মধ্যে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর