চট্টগ্রাম নগরীতে বহদ্দারহাট-বাদুরতলা এলাকায় ঝটিকা করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ওমরগণি এমইএস কলেজ শাখার নেতা কর্মীরা। ইতিমধ্যে উক্ত মিছিলের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. মিজানুর রহমানসহ কয়েকজনের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করা হয়।
১ মিনিট ৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, আরকান সড়কের বাদুরতলা এলাকায় একটি সড়ক থেকে ২০ থেকে ৩০ জন কিশোর ও যুবকের একটি দল ব্যানার নিয়ে বের হয়ে মূল সড়কে ওঠে। এ সময় তাদের হাতে একটি ব্যানার ছিল এবং তাদের সামনে চারজন মিছিলটির নেতৃত্ব দিচ্ছিলেন। প্রায় এক মিনিট বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করার পর দলটি দ্রুত সেখান থেকে সরে যায়। পরে তারা কোন দিকে গেছে তা জানা যায়নি।
ভিডিওতে অংশ নেওয়া ব্যক্তিদের ‘অবৈধ ট্রাইব্যুনাল মানি না, মানব না’, ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘জয় বঙ্গবন্ধু’-এসব স্লোগান দিতে শোনা যায়।
খোঁজ নিয়ে ও সামাজিক যোগাযোগমাধ্যমসূত্রে জানা গেছে, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম প্রমি ও ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগ নেতা ওয়াসিমের নির্দেশনায় মিজানুল ইসলাম আসপিন নামের এক ছাত্রলীগ নেতার নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে যোগ দেওয়া কিশোর-যুবকদের আশেপাশের এলাকা বিভিন্ন স্থান থেকে আনা হয় বলে জানা যায়।
এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, ‘ভিডিওটি খুব সম্ভবত সকালের। বিষয়টি আমাদের নজরে এসেছে। ভিডিওটি ছড়ানোর পর আমরা আশেপাশের ফুটেজ সংগ্রহ করে জড়িতের শনাক্ত করার চেষ্টা করছি।’
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর