খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুল্যাতলী ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকার ছয়টি পাড়ার মানুষের চলাচলের সুবিধার্থে একটি বাঁশের সাঁকো তৈরি করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি সেনা জোনের দুল্যাতলী আর্মি ক্যাম্প।
সরেজমিনে দেখা যায়, লক্ষ্মীছড়ি উপজেলার দুল্যাতলী ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসকারী ছয়টি পাড়ার প্রায় তিন শতাধিক মানুষকে প্রতিদিন খাল (পানির ছড়া) পার হয়ে উপজেলা সদরসহ আশপাশের এলাকায় যাতায়াত করতে হয়। বিকল্প কোনো পথ না থাকায় এই খালই ছিল তাদের যাতায়াতের একমাত্র মাধ্যম।
বর্ষাকালে পানির প্রবাহ বেড়ে গেলে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসীকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে দুল্যাতলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতে চরম ভোগান্তির মুখে পড়তে হতো। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের আওতাধীন দুল্যাতলী আর্মি ক্যাম্পের উদ্যোগে নতুন বাঁশের সাঁকোটি নির্মাণের ফলে শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দাদের চলাচল সহজ হয়েছে।
সেনাবাহিনীর উদ্যোগে নির্মিত এই সাঁকোটি ছয়টি পাড়ার মানুষের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সহজ করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় চলাচলের ক্ষেত্রে সাঁকোটি দৈনন্দিন জীবনে কিছুটা স্বস্তি এনে দিয়েছে। তবে স্থানীয়রা এর স্থায়ী সমাধানের লক্ষ্যে সেখানে একটি কালভার্ট বা ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন।
দুল্যাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত্রিলন চাকমা বলেন, সেনাবাহিনীর এটি একটি মহতি উদ্যোগ। পাহাড়ের মানুষগুলো অনেক কষ্ট করে যাতায়াত করত। এই বাঁশের সাঁকোটি নির্মাণ করে দেওয়ায় মানুষের অনেক উপকার হয়েছে এবং তাদের যাতায়াতের পথ সহজ হয়েছে। তিনি সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
দুল্যাতলী ক্যাম্প কমান্ডার মেজর নাহিয়ান ইমতিয়াজ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় অত্র এলাকার মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে বাঁশের সাঁকোটি নির্মাণ করা হয়েছে। এতে করে স্কুলপড়ুয়া শিক্ষার্থী এবং জরুরি প্রয়োজনে বাজার কিংবা অফিসে যাতায়াতকারী মানুষের বিড়ম্বনা লাঘব হবে। আগামীতেও দুর্গম জনপদে বসবাসরত জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর