হরমুজ প্রণালি ও উপসাগরে যুদ্ধের সময় জব্দ করা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলো বিক্রি করার পরিকল্পনা করছে ইরান। আর এসব জাহাজ বিক্রি করে পাওয়া অর্থ সাম্প্রতিক যুদ্ধে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারগুলোর মধ্যে বিতরণ করা হবে।
সংবাদমাধ্যম মিডলইস্ট মনিটর বলছে, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ইরানের বিচার বিভাগের আইনজীবী বিষয়ক কেন্দ্রের প্রধান হাসান আবদোলিয়ানপুর এ তথ্য জানিয়েছেন। রাষ্ট্রীয় বার্তাসংস্থা মিজান নিউজ এজেন্সির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
আবদোলিয়ানপুর বলেন, বিচারিক আদেশের আওতায় হরমুজ প্রণালি ও উপসাগরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সংশ্লিষ্ট বেশ কয়েকটি জাহাজ জব্দ করা হয়েছে। তিনি বলেন, ‘এসব জাহাজ বিক্রি করে পাওয়া অর্থ সাম্প্রতিক যুদ্ধে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারগুলোর জন্য ব্যবহার করা হবে।’
তিনি আরও জানান, দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশ ও এর আশপাশের এলাকায় যুক্তরাষ্ট্রের হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণের কাজ শুরু করেছেন বিশেষজ্ঞরা।
প্রসঙ্গত, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইরানও উপসাগরীয় অঞ্চলজুড়ে বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও অবকাঠামোগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।
উভয়পক্ষের এই পাল্টাপাল্টি হামলায় হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয়।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর