মক্কার হৃদয়ে দাঁড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থাপনা কাবা শরিফ। যুগের পর যুগ কোটি কোটি মুসলমানের ভালোবাসা, আকাঙ্ক্ষা ও ইবাদতের কেন্দ্র এই মহান ঘর। বায়তুল্লাহর প্রতিটি ইট, প্রতিটি পর্দা ও প্রতিটি কোণ বহন করে ইতিহাস, আধ্যাত্মিকতা ও ঈমানের গভীর আবেদন। আর এরই মধ্যে বিশেষ আকর্ষণের কেন্দ্র কাবা শরিফের দরজা—যা কেবল একটি প্রবেশপথ নয়, বরং ইসলামের ঐতিহ্য, শিল্পসৌন্দর্য ও পবিত্রতার এক অনন্য প্রতীক।
তাওয়াফরত মুসল্লিদের চোখে প্রায়ই ধরা পড়ে কাবা শরিফের পূর্ব দেয়ালে স্থাপিত সোনালি আভায় দীপ্ত সেই দরজা। মাতাফের মেঝে থেকে প্রায় আড়াই মিটার উঁচুতে থাকা দরজাটি বায়তুল্লাহর গাম্ভীর্য ও মর্যাদাকে যেন আরও বাড়িয়ে দিয়েছে।
কেন এত উঁচুতে কাবার দরজা?
ইতিহাসবিদদের মতে, প্রাচীন মক্কায় আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলের আশঙ্কা ছিল। সেই বাস্তবতা বিবেচনায় কাবার দরজা ভূমি থেকে উঁচুতে নির্মাণ করা হয়, যাতে পবিত্র ঘরের ভেতরে সহজে পানি প্রবেশ করতে না পারে।
বর্তমান দরজাটি প্রায় ৩ দশমিক ১ মিটার উঁচু এবং ১ দশমিক ৯ মিটার প্রশস্ত। ২৪ ক্যারেট খাঁটি সোনায় নির্মিত দরজাটির ওজন প্রায় ২৮০ কিলোগ্রাম। বিপুল পরিমাণ স্বর্ণ ব্যবহারের কারণে এটি শুধু মুসলিম বিশ্বের নয়, বিশ্ব স্থাপত্য ঐতিহ্যেরও এক অনন্য নিদর্শন হিসেবে বিবেচিত হয়।

বর্তমান দরজার ইতিহাস
১৯৭৯ সালে সৌদি আরবের বাদশাহ খালিদ বিন আবদুল আজিজের নির্দেশে বর্তমান দরজাটি নির্মাণ ও স্থাপন করা হয়। পুরোনো দরজার পরিবর্তে খাঁটি সোনা দিয়ে নতুন দরজা নির্মাণের উদ্যোগ ছিল বায়তুল্লাহর প্রতি গভীর শ্রদ্ধার প্রকাশ।
দরজাজুড়ে রয়েছে পবিত্র কুরআনের আয়াত, দোয়া এবং ইসলামি অলংকরণশিল্পের নিপুণ কারুকাজ। সূক্ষ্ম আরবি ক্যালিগ্রাফি ও স্বর্ণখচিত নকশা দরজাটিকে দিয়েছে অনন্য সৌন্দর্য। সোনালি কারুকাজের পাশাপাশি কুরআনের বাণী দর্শনার্থীদের মনে জাগিয়ে তোলে আল্লাহর স্মরণ ও বায়তুল্লাহর প্রতি গভীর শ্রদ্ধাবোধ।
দরজাটি খোলা ও বন্ধ করার জন্য রয়েছে দুটি বড় রিং। বিশেষ অনুমতি ছাড়া এটি খোলা হয় না। কাবার অভ্যন্তরীণ পরিচ্ছন্নতা কিংবা বিশেষ কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন হলে বিশেষ ধাতব সিঁড়ি ব্যবহার করে ভেতরে প্রবেশ করা হয়।
কাবার দরজার প্রাচীন ইতিহাস
কাবা শরিফের দরজার ইতিহাস বহু প্রাচীন। ঐতিহাসিক সূত্র অনুযায়ী, হজরত ইবরাহিম (আ.) কাবা পুনর্নির্মাণের সময় প্রথম দরজা স্থাপন করেছিলেন। তখন দরজাটি ছিল সাধারণ এবং ভূমির সমতলে অবস্থিত।
পরবর্তীকালে কুরাইশরা কাবা পুনর্নির্মাণের সময় দরজাটি উঁচু করে দেয়। এরপর উমাইয়া, আব্বাসীয় ও উসমানীয় যুগে বিভিন্ন সময়ে দরজার সংস্কার ও সৌন্দর্যবর্ধন করা হয়। মুসলিম শাসকেরা এটিকে কেবল স্থাপত্যের অংশ হিসেবে নয়, ইসলামের অন্যতম পবিত্র নিদর্শন হিসেবেও সংরক্ষণ করেছেন।
বছরে এক-দুবার ধোয়া হয় কাবার ভেতর
কাবা শরিফের অভ্যন্তর বিশেষ ব্যবস্থাপনায় বছরে এক বা দুবার পরিষ্কার ও ধৌত করা হয়। জমজমের পানির সঙ্গে গোলাপজল মিশিয়ে সম্পন্ন করা হয় এই পবিত্র কার্যক্রম। এতে আলেম, রাষ্ট্রীয় কর্মকর্তা এবং বায়তুল্লাহর তত্ত্বাবধানে নিয়োজিত ব্যক্তিরা অংশ নেন। দীর্ঘদিনের এই আয়োজন মুসলিম বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী ধর্মীয় অনুষ্ঠান।

কাবার চাবির দায়িত্ব যে পরিবারের হাতে
কাবা শরিফের চাবি সংরক্ষণের দায়িত্বও ইতিহাসের এক বিস্ময়কর ধারাবাহিকতা। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর যুগ থেকে আজ পর্যন্ত আশ-শাইবা পরিবার এই দায়িত্ব পালন করে আসছে। প্রায় চৌদ্দশ বছরেরও বেশি সময় ধরে চলে আসা এই ঐতিহ্য ইসলামের ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত।
কাবা শরিফের দরজার দিকে তাকালে চোখে পড়ে সোনার ঝলকানি। কিন্তু এর চেয়েও গভীরভাবে অনুভূত হয় ইতিহাসের দীর্ঘ পথচলা, ঈমানের শক্তি এবং মুসলিম উম্মাহর ঐক্যের প্রতীকী আবেদন।
এটি কোনো সাধারণ স্থাপনার প্রবেশপথ নয়। এটি সেই মহান ঘরের দরজা, যার দিকে মুখ করে বিশ্বের কোটি কোটি মুসলমান প্রতিদিন নামাজ আদায় করেন এবং সিজদায় অবনত হন।
তাই কাবা শরিফের সোনালি দরজা শুধু স্থাপত্যের বিস্ময় নয়; এটি মুসলিম হৃদয়ের ভালোবাসা, শ্রদ্ধা ও পবিত্রতার এক চিরন্তন প্রতীক।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর