জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটন ও জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানান শেহবাজ শরিফ। জাতিসংঘের লক্ষ্য ও কার্যক্রম এগিয়ে নিতে বাংলাদেশের উদ্যোগের প্রতি পাকিস্তানের সমর্থনের কথাও জানান তিনি।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক আরও গভীর করার বিষয়ে পাকিস্তানের ‘দৃঢ় অঙ্গীকার’ পুনর্ব্যক্ত করেন শেহবাজ শরিফ।
জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমানও দুই দেশের সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের ইতিবাচক গতিতে সন্তোষ প্রকাশ করেন এবং সম্পর্ক আরও এগিয়ে নিতে তার সরকারের আগ্রহের কথা জানান।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটন এবং জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
এ ছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়েও দুই নেতা মতবিনিময় করেন। জাতিসংঘসহ বহুপক্ষীয় বিভিন্ন ফোরামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমন্বয় অব্যাহত রাখার গুরুত্বের ওপরও জোর দেন তারা।
দুই দেশের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও সহযোগিতার ভিত্তিতে আরও এগিয়ে নেওয়ার গুরুত্বের বিষয়েও একমত হন দুই প্রধানমন্ত্রী।
সাজু/নিএ
সর্বশেষ খবর