জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) খুলনা জেলা ছাত্রকল্যাণ সংসদের কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। সংগঠনটির কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে রাশেদুজ্জামান রাশেদের বিরুদ্ধে। এছাড়া জেলা কল্যাণ সংসদের নির্বাচনে রাশেদকে অবৈধভাবে সহায়তার অভিযোগ উঠেছে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রাফিদ আদ-দ্বীন রাঈমের বিরুদ্ধে।
২০২৩ সালের জানুয়ারিতে অনুমোদিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একটি কমিটির নথিতে ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রাশেদুজ্জামান রাশেদের নাম রয়েছে। তৎকালীন শাখা সভাপতি মো. ইব্রাহিম ফরাজি ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসেন স্বাক্ষরিত ওই নথিতে তার নাম অন্তর্ভুক্ত ছিল। ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পরও রাশেদের বিরুদ্ধে সংগঠনটির বিভিন্ন তৎপরতায় সংশ্লিষ্টতা ও যোগাযোগ রাখার অভিযোগ রয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে রাশেদ ক্যাম্পাসে ছাত্রলীগের সহিংস কার্যক্রমে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন।
খুলনা জেলা ছাত্রকল্যাণ সংসদের সাবেক দপ্তর সম্পাদক রাফিদ আদ-দ্বীন রাঈমের বিরুদ্ধে নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ তুলেছেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের দাবি, রাশেদকে সভাপতি পদে জয়ী করতে রাফিদ একাধিক ‘বট আইডি’ ব্যবহার করে ভোট কারচুপি করেছেন। এ ঘটনায় শিক্ষার্থীদের সঙ্গে বিরোধের জেরে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটে। পরবর্তীতে রাফিদকে খুলনা জেলা ছাত্রকল্যাণ সংসদ থেকে বহিষ্কার করা হয়।
নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ, মোট ভোটার সংখ্যা ৯৩ জন হলেও ভোট পড়েছে ৯৫টি। অধিকাংশ শিক্ষার্থী ভোট প্রদান না করা সত্ত্বেও ভোটার সংখ্যার চেয়ে বেশি ভোট পড়ায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। এ সংক্রান্ত জেলা কল্যাণ গ্রুপের কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে শিক্ষার্থীরা এই ফলাফল প্রত্যাখ্যান করেছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশ সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে। এরপরও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশে সংগঠনটির বিভিন্ন তৎপরতা লক্ষ্য করা গেছে। গত ১৪ আগস্ট ক্যাম্পাসের বিশ্বজিৎ চত্বর এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার টানানোর ঘটনায়ও রাশেদের সংশ্লিষ্টতা রয়েছে বলে শিক্ষার্থীদের ধারণা। সাংবাদিক পরিচয়ের আড়ালে তিনি ক্যাম্পাসে ছাত্রলীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে গভীর অনুসন্ধান চলমান রয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর