• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৩ সেকেন্ড পূর্বে
আরিফ জাওয়াদ
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৬ রাত

প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনে বাদ, দলীয়করণের অভিযোগ তুলে সরকারকে ‘লাল কার্ড’ প্রদর্শন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

প্রাথমিক শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশনে হাজারখানেক চাকরিপ্রার্থীকে বাদ দেওয়ার প্রতিবাদে লাল কার্ড প্রদর্শন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়টির সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘রেড কার্ড টু বিএনপিজম’ কর্মসূচি পালন করে ছাত্রসংগঠনটি।

সমাবেশ অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সহ-সভাপতি (ভিপি) কুররাতুল আইন কানিজ বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে এ দেশের চাকরিপ্রত্যাশী মেধাবী তরুণ-তরুণীরা রক্ত দিয়েছেন। যাদের রক্তের বিনিময়ে বিএনপি আজ ক্ষমতায় বসতে পেরেছে, নির্বাচিত হওয়ার পর সেই মেধাবী চাকরিপ্রত্যাশীদেরই হয়রানি করা হচ্ছে এবং তাদের নিয়োগপ্রক্রিয়া আটকে দেওয়া হয়েছে। বিএনপির এ ধরনের কর্মকাণ্ডের আমরা তীব্র নিন্দা জানাই। এসব চাকরিপ্রত্যাশীর পাশে জাতীয় ছাত্রশক্তিসহ বাংলাদেশের সব সাধারণ ছাত্র-জনতা আছে এবং বিএনপি সরকারকে আমরা লাল কার্ড দেখাচ্ছি।

তিনি বলেন, নতুন করে পুলিশ ভেরিফিকেশনের নামে ভাইভা নম্বর বৃদ্ধির মাধ্যমে মেধাভিত্তিক বাংলাদেশ থেকে মূর্খ-চাঁদাবাজভিত্তিক বাংলাদেশ করার প্রতিযোগিতায় নেমেছে বিএনপি সরকার। আমরা চাই, বাংলাদেশে মেধার ভিত্তিতে চাকরির ক্ষেত্রে প্রতিটি নিয়োগ হবে।

কুররাতুল আইন কানিজ আরও বলেন, অতি দ্রুত যেসব চাকরির সুপারিশপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীর নিয়োগ বাতিল করা হয়েছে, তাদের পুনর্বহাল করে চাকরি ফিরিয়ে দিতে হবে। বাংলাদেশের ছাত্রসমাজ আন্দোলন করেছে। যদি আবারও সেই ছাত্রসমাজের সঙ্গে বেইমানি করা হয়, তাহলে আবারও জুলাইয়ের মতো আমরা ছাত্রদের সঙ্গে নিয়ে বিএনপির বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলব।

জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিবুল ইসলাম হাসিব বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর প্রত্যেকটি জায়গায় নিজেদের দলের লোককে বসাচ্ছে। তাদের যোগ্যতা একটাই— তারা বিএনপির নেতা বা কর্মী। এভাবে কোনো দেশ চলতে পারে না। পুলিশ ভেরিফিকেশনের নামে ছাত্র-জনতার ওপর যে জুলুম করা হচ্ছে, তা বন্ধ করতে হবে। এই জুলুম চালিয়ে গেলে আপনাদের পতন নিশ্চিত হয়ে যাবে।

তিনি বলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগে যে দলীয়করণ করা হয়েছে এবং যেভাবে যোগ্য প্রার্থীদের বাদ দেওয়া হয়েছে, অবিলম্বে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। ভেরিফিকেশনের নামে যেসব যোগ্য প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে, তাদের পুনরায় চাকরিতে স্থান করে দিতে হবে। রাজনৈতিক বিবেচনায় বা রাজনৈতিক মতাদর্শের কারণে কাউকে চাকরি থেকে বাদ দেওয়া যাবে না। একইভাবে ক্ষমতাসীন দলের ছাত্র বা যুব সংগঠনের সঙ্গে যুক্ত থাকলেই কাউকে যোগ্যতার বাইরে চাকরি দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, এই দুটি দাবি বাস্তবায়ন না হলে জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএনপির দলীয়করণকে লাল কার্ড দেখাবে। আপনারা যদি এই দলীয়করণের পথ থেকে ফিরে না আসেন, আপনাদের কীভাবে ক্ষমতা থেকে নামাতে হয়, আমরা জানি। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা— সমতা ও বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের পথে সরকারকে হাঁটতে হবে। ভুল পথে হাঁটলে তার পরিণতি ভালো হবে না।

এতে অন্যদের মধ্যে জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ, সরদার নাদিম মাহমুদ শুভ, ইশরাক ফাহিম হিমেল, নুসরাত জাহান জেরিন,আমিনুল ইসলাম, জামিউল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এসময় তারা ‘বন্ধু কোটায় মন্ত্রী, কর্মী কোটায় চাকরি’, ‘সবার আগে বিএনপি, সবার পরে বাংলাদেশ’, ‘দলীয় নিয়োগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ভেরিফিকেশনের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’— ইত্যাদি স্লোগান দেন।

ভেরিফিকেশনের নামে হয়রানি বন্ধের দাবি, প্রতিবাদে সরব ডাকসুসহ সংগঠনগুলো: চূড়ান্তভাবে নির্বাচিত হয়েও নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ডাকসু। শুক্রবার ডাকসুর জিএস এস এম ফরহাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে— পুলিশ, এ নএসআ ই ও ডিএসবির ভেরিফিকেশনে নেতিবাচক প্রতিবেদনের কারণে বহু প্রার্থী বাদ পড়ার অভিযোগ তুলে ‘ভেরিফিকেশনের নামে হয়রানি’ বন্ধ এবং বঞ্চিত প্রার্থীদের দ্রুত প্রতিকারের দাবি জানায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ।

এছাড়া পৃথক বিজ্ঞাপ্তিতে জামায়াতে ইসলামী, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাসহ বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠন প্রার্থীদের চূড়ান্ত নিয়োগ থেকে বাদ দেওয়ার প্রক্রিয়ায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সেই সঙ্গে ‘গোপন প্রতিবেদন’ বা অস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কোনো প্রার্থীর চাকরি বাতিল করা যাবে না, দাবি জানিয়ে পুনঃতদন্তের আহ্বান জানিয়েছেন কেউ কেউ।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]