বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ব্যতিক্রমী আয়োজন করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘শুভোদয়’। সংগঠনটির উদ্যোগে প্রতীকী ২০ টাকায় শিক্ষামূলক, প্রেরণামূলক ও ইতিহাসভিত্তিক বই বিক্রি করা হয়েছে। প্রতিটি বইয়ের সঙ্গে উপহার হিসেবে দেওয়া হয়েছে একটি করে গাছ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে এ কর্মসূচি শুরু হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ পাঠক ও সাধারণ মানুষের উপস্থিতি দেখা যায়।
আয়োজক সংগঠন শুভোদয়ের প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান শাকিল বলেন, ‘প্রথাগত রাজনৈতিক কর্মসূচির বাইরে গিয়ে তরুণ প্রজন্মের মেধা ও মননের বিকাশে কিছু করার লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর জন্মদিন স্মরণীয় করে রাখতে ২০ নভেম্বরকে প্রতীকী ধরে ২০ টাকা মূল্যে শিক্ষার্থীদের উপযোগী বই বিক্রির আয়োজন করেছি। পাশাপাশি পরিবেশবান্ধব গাছ উপহার দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস সম্পর্কে সঠিক ধারণা তৈরি এবং বই পড়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। এটি আমার দ্বিতীয় বর্ষের আয়োজন। শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পেয়ে আমি আনন্দিত। ভবিষ্যতেও শুভোদয়ের পক্ষ থেকে এ ধরনের সমাজগঠনমূলক কার্যক্রম অব্যাহত রাখব।’
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নতুন প্রজন্মকে বই পড়ায় উৎসাহিত করা, জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া এবং ইতিহাসের সঠিক তথ্য তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। বৃষ্টি উপেক্ষা করেও সকাল থেকে শিক্ষার্থীদের উপস্থিতিতে কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা সংগঠনটির এ উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি ক্যাম্পাসে নিয়মিত এ ধরনের আয়োজন করার আহ্বান জানান।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর