• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১১ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:১৪ দুপুর

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ের ভেতরে তখন আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান। বাইরে পরিস্থিতিও ছিল উত্তপ্ত। খবর পেয়ে সেখানে যায় পুলিশ। এরপর কার্যালয় ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে জাসদ কার্যালয় থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, জাসদ কার্যালয়ের প্রধান ফটক বন্ধ করে রাখা হয়েছে। ভবনের ভেতরে অবস্থান করছেন বিপুলসংখ্যক পুলিশ সদস্য। বাইরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরও জড়ো হতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে জাসদ কার্যালয়ের ভেতরে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী জড়ো হন। একপর্যায়ে সেখানে আওয়ামী লীগের বিভিন্ন স্লোগানও দেওয়া হয়। পরে বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেওয়া হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসেন।

স্থানীয় কয়েকজনের দাবি, সকাল থেকেই ভবনের ভেতর থেকে আওয়ামী লীগের স্লোগান শোনা যাচ্ছিল। বিভিন্ন কক্ষে মাইক ও সাউন্ড সিস্টেমও ব্যবহার করা হচ্ছিল।

এদিকে ঘটনাস্থলে থাকা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জানান, পুলিশ আসার পর জাসদ কার্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। পরে ভেতরে থাকা ব্যক্তিদের আটক করা হয়।

ছবি: সংগৃহীত

ঘটনাস্থলে জুবদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরও দেখা যায়। তাদের কয়েকজন ভবনের ভেতরে এবং অনেকে বাইরে অবস্থান করছিলেন।

এ সময় কার্যালয়ের ভেতরে ককটেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ দাবি করেছেন। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জাসদের প্রধান কার্যালয়টি গুলিস্তানের জিরো পয়েন্টসংলগ্ন এলাকায় অবস্থিত। আওয়ামী লীগ সরকারের সময়েও সেখানে জাসদের রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হতো। তবে পরবর্তী সময়ে দলটির কার্যক্রম অনেকটাই সীমিত হয়ে আসে বলে স্থানীয়দের ভাষ্য।

আটকের পর জাসদ কার্যালয় ও আশপাশের এলাকায় পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। আটক ব্যক্তিদের পরিচয় এবং তাদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]