বাজারে খুঁটির সঙ্গে বাঁধা বাবা। চারপাশে মানুষের ভিড়। সেই ভিড় ঠেলে বাবার কাছে ছুটে এলো ছোট্ট মেয়েটি। সারা রাত না খেয়ে থাকা বাবার জন্য কিনে আনল রুটি ও চা। এরপর নিজের হাতে বাবার মুখে তুলে দিল খাবার। বাবা-মেয়ের এই মমতাময় দৃশ্য উপস্থিত মানুষের হৃদয় ছুঁয়ে যায়। পরে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তৈরি হয় আবেগঘন প্রতিক্রিয়া।
ঘটনাটি ঘটেছে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বাজারে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে একটি দোকানে চুরির চেষ্টার অভিযোগে অনিক সরদার নামে এক যুবককে আটক করেন স্থানীয়রা। পরে তাকে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়।
খবর পেয়ে শনিবার সকালে বাবাকে দেখতে ঘটনাস্থলে ছুটে আসে তার ছোট্ট মেয়ে। বাবাকে খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় দেখে সে স্থানীয় একটি দোকান থেকে রুটি ও চা কিনে আনে। এরপর সারা রাত না খেয়ে থাকা বাবার মুখে নিজের হাতে খাবার তুলে দেয়।
ঘটনাটি দেখে স্থানীয় এক যুবক মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওতে মেয়েটিকে বাবার মুখে খাবার তুলে দিতে দেখা যায়। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে।
স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, বাবাকে খুঁটির সঙ্গে বাঁধা দেখে মেয়েটি ছুটে আসে। পরে রুটি ও চা কিনে এনে নিজের হাতে বাবাকে খাওয়ায়। দৃশ্যটি দেখে সেখানে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
আরেক বাসিন্দা আব্দুর রব বলেন, চুরির অভিযোগের বিষয়টি আইনগতভাবেই নিষ্পত্তি হওয়া উচিত। তবে বাবার প্রতি মেয়েটির যে মমতা দেখা গেছে, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টার দিকে স্থানীয়রা অনিক সরদারের কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেন।
উজিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. ফারুক বলেন, চুরির অভিযোগে একজনকে আটকের খবর পাওয়ার পর ঘটনাস্থলে মোবাইল টিম পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর