নাটোরে সড়ক দুর্ঘটনায় আবু চাঁদ মোল্লা (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শহরের পিটিআই মোড়ে রাস্তা পার হওয়ার সময় রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাসের চাপায় তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত আবু চাঁদ মোল্লা বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর (তালতলা) এলাকার নসির উদ্দিন মোল্লার ছেলে। তিনি কাদিরাবাদ ক্যান্টনমেন্ট মাহমুদুল হাসান সুপার প্রাইমারি স্কুলে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তেবারিয়া হাট থেকে বাজার করে সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন আবু চাঁদ মোল্লা। সকাল ১০টার দিকে শহরের পিটিআই মোড়ে সাইকেল নিয়ে রাস্তা পার হওয়ার সময় রাজশাহী থেকে নাটোরগামী একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক বাসটি ও এর চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর