নগরবাসীর নাগরিক সেবা আরও সহজ ও দ্রুত করার লক্ষ্যে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) ‘আমার কুমিল্লা’ নামে একটি নাগরিক সেবা অ্যাপ চালু করেছে। এর মাধ্যমে ঘরে বসেই নগরের বিভিন্ন সমস্যা ও নাগরিক সেবা-সংক্রান্ত অভিযোগ সিটি করপোরেশনকে জানাতে পারবেন নগরবাসী।
সোমবার দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিব এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লার সাবেক সভাপতি আলহাজ শাহ মোহাম্মদ আলমগীর খানসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে জানানো হয়, নির্দিষ্ট কিউআর (QR) কোড স্ক্যান করার মাধ্যমে নগরবাসী সহজেই তাদের স্মার্টফোনে ‘আমার কুমিল্লা’ অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। অ্যাপটির মাধ্যমে নাগরিকরা সরাসরি তাদের মহল্লার যেকোনো সমস্যা, যেমন—সড়কবাতি বন্ধ থাকা, বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ ব্যবস্থা বা সড়ক সংস্কার সংক্রান্ত অভিযোগ ছবি বা বিবরণসহ সিটি করপোরেশন কর্তৃপক্ষকে জানাতে পারবেন। সমস্যা নিবন্ধিত হওয়ার সঙ্গে সঙ্গেই কুসিকের সংশ্লিষ্ট বিভাগ সমাধানের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।
অ্যাপের মাধ্যমে দ্রুততম সময়ে নাগরিক সেবা নিশ্চিতে প্রশাসনের কঠোর বার্তা দিয়ে কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, নাগরিকদের যেকোনো অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। নাগরিক ভোগান্তি বা সমস্যা সমাধানের নির্দেশ পাওয়ার পরও কোনো কর্মকর্তা দায়িত্ব পালনে অবহেলা বা ব্যর্থতার পরিচয় দিলে তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর