ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দাখিল করা ছয় প্রার্থীর মনোনয়নপত্রই যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া আসনটিতে এই উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম। গত ২৭ সেপ্টেম্বর প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন— ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেন, বিএনপি প্রার্থী ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ্ মাসুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী খাদেমুল ইসলাম, খেলাফত আন্দোলনের প্রার্থী আব্দুল আলীম নিজামী এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, পাঁচটি রাজনৈতিক দলের ছয়জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছিলেন। তফশিল অনুযায়ী যাচাই-বাছাই শেষে সবার মনোনয়নপত্র বৈধ বলে গণ্য হয়েছে। তিনি একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল অনুযায়ী, আগামী ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঠাকুরগাঁও সদর, নবগঠিত রুহিয়া ও ভূল্লী উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন।
উল্লেখ্য, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনকে পরাজিত করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এর পরিপ্রেক্ষিতেই আসনটিতে উপনির্বাচনের তফশিল ঘোষণা করা হয়।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর