পটুয়াখালীর বাউফল পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগের পটুয়াখালী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েলকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর বারিধারা ডিওএইচএসের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জুয়েল বাউফল পৌরসভার সাবেক মেয়র। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পটুয়াখালী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।
তার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।
২০১২ সালের ২২ মে প্রথমবারের মতো বাউফল পৌরসভার মেয়র নির্বাচিত হন। মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র ১৪ দিনের মধ্যে বাউফল পৌরসভাকে তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করেন তিনি। পরে পৌরসভার সীমানা সম্প্রসারণের মাধ্যমে প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়।এবং বাংলাদেশ পৌরসভা মেয়র সমিতির সাংগঠনিক সম্পাদক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।
মেয়র থাকাকালে বাউফল পৌরসভায় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন জিয়াউল হক জুয়েল। এসব কর্মকাণ্ডের কারণে দল-মত নির্বিশেষে এলাকায় তিনি জনপ্রিয় হয়ে ওঠেন বলে স্থানীয়দের ভাষ্য।
বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম জানিয়েছেন, রাজধানী থেকে গ্রেপ্তারের পর জিয়াউল হক জুয়েলকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। এদিকে, গ্রেপ্তারের কারণ বা এ বিষয়ে বিস্তারিত জানতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর