রাজবাড়ীর পাংশা উপজেলায় এক কৃষকের পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৩ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার কসবামাজাইল ইউনিয়নের বাংলাট গ্রামে এ ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষকের নাম মোঃ আলম মন্ডল (৩৫)। তিনি বাংলাট গ্রামের মৃত আমজেদ আলী মন্ডলের ছেলে।
ভুক্তভোগী কৃষক আলম মন্ডল জানান, তিনি বেশ কয়েকটি পুকুর লিজ নিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। ঘটনার আগের দিন সন্ধ্যায়ও তিনি পুকুরে খাবার দেন এবং তখন মাছগুলো সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক ছিল। কিন্তু ১ অক্টোবর সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুকুরে গিয়ে দেখেন সব মাছ মরে ভেসে উঠেছে।
আবেগপ্লুত কণ্ঠে আলম মন্ডল বলেন, "ধার-দেনা করে মাছ চাষ শুরু করেছিলাম। কে বা কারা এমন ক্ষতি করল আমার জানা নেই। এই বিশাল ক্ষতি আমি কীভাবে পুষিয়ে উঠব বুঝে উঠতে পারছি না। পরিবার-পরিজন নিয়ে এখন আমার পথে বসার উপক্রম হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।"
এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, আলম মন্ডল অত্যন্ত সহজ-সরল প্রকৃতির মানুষ এবং এলাকায় তার কোনো শত্রু আছে বলে তাদের জানা নেই। শত্রুতার জেরে এমন কাজ যারা ঘটিয়েছে, তাদের চিহ্নিত করে দ্রুত কঠোর শাস্তির দাবি জানান তারা।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর