চট্টগ্রামের সীতাকুণ্ড মডেল থানায় এক পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মো. ইসমাইল হোসেনকে আটক করেছে পুলিশ।
থানা পুলিশ জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে সীতাকুণ্ড মডেল থানার গেটে গাড়ি রাখা নিয়ে থানার কনস্টেবল মো. শফিকের সঙ্গে যুবদল নেতা ইসমাইল হোসেনের বাগবিতণ্ডা হয়। এসময় যুবদল নেতার আঘাতে কনস্টেবল শফিক আহত হন। পরে তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়। তিনি হাতের আঙ্গুলে আঘাত পেয়েছেন বলে জানা গেছে৷
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম হিডি২৪লাইভকে জানান, থানার গেটের সামনে গাড়ি রাখা নিয়ে কনস্টেবল শফিকের সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে তাকে মারধর করা হয়। এ ঘটনায় যুবদল নেতা ইসমাইল হোসেনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের দাবি, সামান্য কথা কাটাকাটির জেরেই ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে স্থানীয় নেতাদের ভাষ্য, সামান্য কথা কাটাকাটির জেরে একজন যুবদল নেতাকে আটকে রাখার ঘটনা অনাকাংখিত৷ তাঁদের দাবি উত্তেজিত পুলিশ সদস্যই প্রথমে বিবাদে লিপ্ত হন৷
এদিকে, এই ঘটনার পর আটক ইসমাইল হোসেনকে ছাড়িয়ে নিতে সীতাকুণ্ড মডেল থানায় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা ভিড় করেন। এতে থানার সামনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়৷
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর