আশুলিয়া থানা বিএনপিতে সাংগঠনিক শৃঙ্খলা ও নেতৃত্ব নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। দল থেকে বহিষ্কৃত এক নেতার স্বাক্ষরে ধামসোনা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. জাকির হোসেন মুন্সীকে অব্যাহতি দেওয়ার ঘটনায় এই বিতর্কের সূত্রপাত হয়।
ধামসোনা ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে পরিচিত আলহাজ মোখলেছুর রহমান খান ইলিয়াস শাহী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জাকির হোসেন মুন্সীকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, জাকির হোসেন মুন্সী বিএনপির নাম ব্যবহার করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, পাইকারি বাজার, আড়ৎ ও পরিবহন ফুটপাতে চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন। দলীয় শৃঙ্খলা ও নীতি পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে এই অব্যাহতি দেওয়া হয়েছে বলে দাবি করা হয়।
তবে এই অব্যাহতির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ জাকির হোসেন মুন্সী। তিনি বলেন, ‘যিনি নিজেই দল থেকে বহিষ্কৃত, তিনি কীভাবে আরেকজনকে পদ থেকে অব্যাহতি দেন? উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি পক্ষ মনগড়া নোটিশ তৈরি করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’
প্রতিবেদকের হাতে আসা গত ২৬ মার্চ তারিখের একটি বিজ্ঞপ্তিতে দেখা যায়, শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে আলহাজ মোখলেছুর রহমান খান ইলিয়াস শাহীকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে আশুলিয়া থানা বিএনপির দপ্তর সম্পাদক মো. রাজীব খানের স্বাক্ষর রয়েছে।
নিজের বহিষ্কারের বিষয়টি অস্বীকার করে ইলিয়াস শাহী দাবি করেন, তিনি এখনো বিএনপিতে বহাল রয়েছেন এবং দলের স্বার্থেই জাকির হোসেন মুন্সীর বিরুদ্ধে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ আবদুল গফুর মিয়া স্পষ্ট জানিয়েছেন, ইলিয়াস শাহী বহিষ্কৃত নেতা। তিনি বলেন, ‘বহিষ্কৃত নেতা দলের কাউকে অব্যাহতি দেওয়ার কোনো সাংগঠনিক ক্ষমতা বা এখতিয়ার রাখেন না। তার দেওয়া অব্যাহতির নোটিশ সম্পূর্ণ মূল্যহীন। এটি কার্যকর হওয়ার কোনো সুযোগ নেই।’
সম্প্রতি আশুলিয়ার শ্রীপুর এলাকায় একটি মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় জাকির হোসেন মুন্সীর নাম আসার পরপরই তাকে অব্যাহতির এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবে একই বিষয়ে দুই পক্ষের পরস্পরবিরোধী দাবি ও নথি প্রকাশ্যে আসায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ও আলোচনা তৈরি হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর