ইসলামী মূল্যবোধের প্রচার ও প্রসার কীভাবে করতে হয়, তা হেফাজতে ইসলামের কাছ থেকে জামায়াতে ইসলামীকে শেখা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তার দাবি, ইসলামের প্রচার ও প্রসারে হেফাজতে ইসলাম বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদরাসায় হেফাজতে ইসলামের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে রাশেদ খান বলেন, ‘যারা ইসলামের কথা বলছেন, বিশেষ করে জামায়াতে ইসলামী—তাদের আমি পরামর্শ দেব, ইসলামী মূল্যবোধের প্রচার কীভাবে করতে হয়, সেটা হেফাজতে ইসলামের কাছ থেকে শেখেন।’
তিনি বলেন, নির্বাচনের আগে ‘জান্নাতের টিকিট’ বিতরণের নামে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছিল। এ বিষয়ে হেফাজতে ইসলামের আমির মানুষকে সচেতন করেছেন বলেও দাবি করেন তিনি।
রাশেদ খান আরও বলেন, ‘আপনারা ইসলাম ও ইসলামী মূল্যবোধ থেকে যোজন যোজন দূরে সরে গেছেন। এটি জামায়াতের কাছ থেকে দেশের জনগণ প্রত্যাশা করে না।’
জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, একদিকে ইসলামের কথা বলা হচ্ছে, অন্যদিকে দলটির রাজনৈতিক বক্তব্য ও কর্মকাণ্ডের সঙ্গে ইসলামী মূল্যবোধের অসামঞ্জস্য রয়েছে।
হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে সাক্ষাতের বিষয়ে রাশেদ খান জানান, বর্তমান সরকারকে সবার সহযোগিতা করা উচিত বলে মুহিব্বুল্লাহ বাবুনগরী তাকে জানিয়েছেন।
পাশাপাশি সরকার গঠনের সাত মাসের মাথায় লং মার্চের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন হেফাজতে ইসলামের আমির—এমনটিও জানান রাশেদ খান।
তিনি বলেন, যারা একসঙ্গে আন্দোলন-সংগ্রাম করে ফ্যাসিবাদকে হটিয়েছিল, তাদের সবার দায়িত্ব এখন ঐক্যবদ্ধ থেকে রাষ্ট্র পুনর্গঠনে ভূমিকা রাখা।
কুশল/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর