জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে দেখা করেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর দেড়টার পর তিনি সংসদ ভবনে গিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন।
স্পিকারের সঙ্গে কয়েক মিনিট কথা বলার পর সংসদ ভবনের টানেলে সাংবাদিকদের মুখোমুখি হন ফেরদৌসী আহমেদ মিষ্টি। এ সময় তিনি বলেন, ‘আমাকে স্পিকার ডেকেছেন, তাঁর সঙ্গে দেখা করেছি। দল যে সিদ্ধান্ত নেবে, আমি সেটিই মেনে নেব।’
তিনি পদত্যাগ করেছেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের অবশ্য কোনো উত্তর দেননি মিষ্টি। এরপর দ্রুত সেখান থেকে চলে যান তিনি।
এর কিছুক্ষণ পর বিভিন্ন সংবাদমাধ্যমে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র জমা দেওয়ার খবর প্রকাশিত হয়।
এর আগে রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও অতিরিক্ত প্রেস সচিবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর রাতে মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে ভারী যন্ত্র দিয়ে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। তবে হামলা ও ভাঙচুরের সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর